• আপডেট টাইম : 18/11/2026 08:02 PM
  • 42 বার পঠিত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রস্তাবনাকে ‘একপাক্ষিকভাবে মালিকদের স্বার্থ রক্ষাকারী ও অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)।

সংগঠনটি বলেছে, সিপিডির এই প্রস্তাবনা শ্রমিকদের হতাশ করেছে।

সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জি-স্কপের যুগ্ম সমন্বয়ক বাচ্চু মিয়া ও আসাদুজ্জামান চৌধুরী এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে জি-স্কপ নেতারা বলেন, দেশের অন্যতম থিংক ট্যাংক হিসেবে পরিচিত সিপিডি বিভিন্ন সময় শ্রমিকদের মানবিক জীবনযাপনের পক্ষে কথা বললেও মজুরি প্রশ্নে তারা মালিকদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার প্রচলিত চিন্তা কাঠামোর ঊর্ধ্বে উঠতে পারেনি।

 

পরিসংখ্যান ও প্রস্তাবনা নিয়ে জি-স্কপের আপত্তি:
বিবৃতিতে সিপিডির প্রস্তাবিত মজুরির হিসাব ও তথ্যসূত্র নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলা হয়:

মুদ্রাস্ফীতি ও পূর্ববর্তী প্রস্তাবনার অসংগতি

সিপিডি তাদের প্রস্তাবনায় বলেছে, ২০২৩ সালে নির্ধারিত মজুরিকে মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করলে বর্তমান বাজারদরে তা ১৬ হাজার ৩৫১ টাকার সমান হয়। তবে জি-স্কপের মতে, ২০২৩ সালে বা তার আগে নির্ধারিত মজুরিতে যে শ্রমিকদের দারিদ্র্যসীমার ওপরে জীবনযাপনের অধিকার প্রতিফলিত হয়নি, তা সিপিডি উল্লেখ করেনি। এছাড়া ২০২৩ সালের শেষ দিকে জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সিপিডি নিজেই ন্যূনতম মজুরি ১৭ হাজার ৫৬৮ টাকা প্রস্তাব করেছিল, যা মালিকপক্ষ শ্রমিকদের দাবি অস্বীকারের যুক্তি হিসেবে ব্যবহার করলেও বাস্তবায়ন করেনি।

বিবিএসের জরিপের ব্যবহার নিয়ে প্রশ্ন

জি-স্কপের নেতারা বলেন, তিন বছর পর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপের দোহাই দিয়ে মাত্র এক হাজার টাকা বাড়িয়ে ১৮ হাজার ৫৭৮ টাকা মজুরি প্রস্তাব করা হয়েছে। অথচ অতীতে সিপিডি নিজেই বিভিন্ন গবেষণায় বিবিএসের গবেষণা পদ্ধতি ও ফলাফলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল।

বিশ্বব্যাংকের মানদণ্ড উপেক্ষা

বিবৃতিতে উল্লেখ করা হয়, বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী দারিদ্র্যসীমা অতিক্রমের জন্য ন্যূনতম মাথাপিছু দৈনিক আয় ৩ ডলার অর্থাৎ ৪ জনের একটি পরিবারের দৈনিক আয় ১২ ডলার হওয়া প্রয়োজন। সিপিডি তাদের অন্যান্য গবেষণায় বিশ্বব্যাংকের তথ্যকে অগ্রাধিকার দিলেও শ্রমিকদের মজুরির ক্ষেত্রে বিবিএসের ত্রুটিপূর্ণ পরিসংখ্যানকে ভিত্তি ধরায় শ্রমিকরা বিস্মিত হয়েছেন।

লিভিং ওয়েজ ও এসডিজি লক্ষ্যমাত্রা

সিপিডির হিসাবকৃত ‘লিভিং ওয়েজ’ বা জীবনযাপন উপযোগী মজুরি মজুরি বোর্ডে দাখিলকৃত শ্রমিক পক্ষের প্রস্তাবনার প্রায় তিন-চতুর্থাংশ। এটি সিপিডির লিভিং ওয়েজ সংক্রান্ত ধারণার যথার্থতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৮ নম্বর গোল অর্জনে সংস্থাটির অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে বলে দাবি করে জি-স্কপ।

বিবৃতির শেষে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জি-স্কপের যুগ্ম সমন্বয়করা বলেন, সিপিডির যে কর্মকর্তারা এই প্রস্তাবনা তৈরি করেছেন, তারা কি নিজেদের জীবনযাত্রার ব্যয় এবং শ্রমিকদের জীবনের সঙ্গে বৈষম্যের মাত্রা বিবেচনায় নিয়েছেন? নাকি তারাও ‘শ্রমিকের সন্তান শ্রমিক হবে কিংবা বার্ধক্যে শ্রমিকের হাত ভিক্ষুকের হাতে পরিণত হবে’—এই চিন্তাকেই ধারণ করেন, এমন প্রশ্ন তোলেন শ্রমিক নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...