• আপডেট টাইম : 14/11/2026 01:27 PM
  • 196 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com

 

বাঁচার মতো মজুরি, কর্মক্ষেত্রের নিরাপত্তা, কাজের নিশ্চয়তা ও দুর্ঘটনায় উপযুক্ত ক্ষতিপূরণসহ নির্মাণ শ্রমিকদের দাবি ও অধিকার প্রতিষ্ঠায় সৎ, সংগ্রামী, আপোষহীন, শ্রেণি সচেতন নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নতুন সংগঠন ‘বাংলাদেশ নির্মাণ শিল্প শ্রমিক ফেডারেশন’ এর আত্মপ্রকাশ ঘটেছে।

জাতীয় ফেডারেশন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের নেতৃত্বে নির্মাণ শ্রমিকদের বিভিন্ন ইউনিয়ন ও সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এ ফেডারেশন গঠন করা হয়।

এ উপলক্ষে ১৩ নভেম্বর শুক্রবার  সকাল ১০টায় গুলিস্তান কার্যালয়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের উদ্যোগে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি চৌধুরী আশিকুল আলম ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার নির্মাণ শ্রমিকদের ২০টির বেশি ইউনিয়ন ও সংগঠনের প্রায় ৬০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূঁইয়া, বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশনের সভাপতি খলিলুর রহমান, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. ইয়াছিন, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল খালেক এবং নির্মাণ শ্রমিকদের পক্ষে সিলেট বিভাগের নুরুল আমিন, খুলনা বিভাগের নাজমুল হোসেন, চট্টগ্রাম বিভাগের জামাল হোসেন, ময়মনসিংহ বিভাগের হানিফ মিয়া, রাজশাহী বিভাগের আনিছুর রহমান, ঢাকা বিভাগের মশিউর রহমান উদ্যোম, আশরাফ আলী, আব্দুল ছাত্তার, ফারুক আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নির্মাণ শিল্পের শ্রমিকরা আধুনিক নগরকেন্দ্রিক সভ্যতার অন্যতম কারিগর হলেও তাদের নেই বাঁচার মতো মজুরি, কাজের নিশ্চয়তা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা। যার কারণে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত নির্মাণ শ্রমিকদের প্রায়শই দুর্ঘটনার শিকার হতে হয়। এসব দুর্ঘটনায় পঙ্গুত্ব এবং কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুর ঘটনা ঘটলেও শ্রমিকরা তার প্রতিকার পায় না। নির্মাণ শিল্পের শ্রমিকরা প্রচলিত শ্রম আইনের সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত।

বক্তারা বলেন, দেশে নির্মাণ শ্রমিকদের একাধিক সংগঠন থাকলেও বাঁচার মতো মজুরি, কর্মক্ষেত্রের নিরাপত্তা, কাজের নিশ্চয়তা ও দুর্ঘটনায় উপযুক্ত ক্ষতিপূরণসহ নির্মাণ শ্রমিকদের দাবি ও অধিকার প্রতিষ্ঠায় কার্যত তাদের কোনো ভূমিকা নেই। দেশে কর্মরত নির্মাণ শ্রমিকের সঠিক পরিসংখ্যান না থাকলেও বিভিন্ন তথ্যে তা প্রায় ১ কোটির কাছাকাছি হবে বলে ধারণা পাওয়া যায়। এই বিপুল সংখ্যক শ্রমিকের দাবি ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখেই ‘বাংলাদেশ নির্মাণ শিল্প শ্রমিক ফেডারেশন’ এর আত্মপ্রকাশ ঘটছে।

সভার এক প্রস্তাবে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করা হয়। একই সাথে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিক তৌফিক হোসেনকে হত্যা এবং অনেক শ্রমিক নেতা ও শ্রমিকদের গ্রেপ্তার, রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় বাহিনী কর্তৃক নিপীড়ন-নির্যাতনের তীব্র নিন্দা জানানো হয়। অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়া এবং গ্রেপ্তারকৃতদের মুক্তি প্রদানের জন্য সরকার ও মালিকপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

বক্তারা সাম্প্রতিক সময়ে লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট ও বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত জনগণের জীবনে নাভিশ্বাস উঠছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বাঁচার মতো মজুরি না পেয়ে অর্ধাহার-অনাহারে ক্লিষ্ট শ্রমিক-কৃষক-মেহনতি জনগণের জীবন চলাই দায় হয়ে পড়েছে। জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রেই লাগামহীন মূল্যবৃদ্ধি ঘটলেও শ্রমিক-কৃষক-জনগণের মজুরি বা আয় বাড়েনি।

সরকারি কর্মচারীদের জন্য পে স্কেলে ১৪২ শতাংশ বেতন বৃদ্ধির কথা সরকারিভাবে প্রচার করা হয়েছে। যার কারণে ইতোমধ্যে বাজারে আরেক দফা দ্রব্যমূল্য বেড়েছে। সরকার ১৪/১৫ লাখ সরকারি কর্মচারীর জন্য বেতন বৃদ্ধির ব্যবস্থা করলেও দেশের অর্থনীতির অন্যতম মূল চালিকাশক্তি প্রায় সাড়ে ৭ কোটি শ্রমিক-কর্মচারীর জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার কোনো উদ্যোগ নেয়নি। এমনকি নির্মাণ শিল্পের শ্রমিকদের জন্য ২০২১ সালের ১৭ আগস্ট নিম্নতম মজুরির গেজেট প্রকাশ করার পর ইতোমধ্যে ৫ বছরের বেশি সময় অতিবাহিত হলেও নতুন করে নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়নি। অথচ শ্রম আইন অনুযায়ী ৩ বছরের মধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন ও নতুন মজুরি ঘোষণার আইন রয়েছে। বাংলাদেশের ৫৬ বছরে শ্রমিকদের জন্য একটি জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়নি।

বক্তারা আরও বলেন, সরকার শ্রমিক-কর্মচারীদের দাবি উপেক্ষা করে চললেও প্রভু মার্কিন সাম্রাজ্যবাদের সাথে দাসত্বের বাণিজ্য চুক্তির শর্ত পূরণে জনগণের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে ২৫টি বোয়িং ও ১০টি এয়ারবাস বিমান কেনার চুক্তি করেছে। শুধু তাই নয়, ভূরাজনৈতিক ও রণনীতিগত গুরুত্বপূর্ণ নয়া-উপনিবেশিক আধা-সামন্ততান্ত্রিক বঙ্গোপসাগরীয় দেশ হিসেবে বাংলাদেশকে নিয়েও আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধে সম্পৃক্ত করার ষড়যন্ত্র-চক্রান্ত অগ্রসর করে চলেছে। মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্যের সাম্রাজ্যবাদ ও প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী চীন-রাশিয়া উভয়পক্ষই স্বপক্ষে বাংলাদেশকে যুদ্ধে সম্পৃক্ত করতে চায়। আজ তাই বাংলাদেশের শ্রমিক-কৃষক-জনগণকে জীবিকার সংগ্রামের সাথে সাথে জীবন রক্ষায় আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

বক্তারা বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণভাবে জাতীয় ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, অবিলম্বে মজুরি বোর্ড গঠন ও বাজারদরের সাথে সংগতিপূর্ণ মজুরি ঘোষণা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা, শ্রমিকদের জন্য রেশনিং চালুর দাবিতে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

এই লক্ষ্যে রফিকুল ইসলামকে আহ্বায়ক এবং সত্যজিত বড়ুয়া ও নুরুল আমিনকে যুগ্ম-আহ্বায়ক করে বিভিন্ন ইউনিয়ন ও সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ নির্মাণ শিল্প শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...