• আপডেট টাইম : 05/10/2026 10:48 AM
  • 92 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com
 
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেছেন, শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা চালু করা হলে তাদের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা চালুর বিষয়ে এখনো কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
 
গণমাধ্যমে এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। 
 
তিনি বলেন, শ্রমিক অপরাধ করেনি যে তাকে রেশন সুবিধা থেকে বঞ্চিত করা হবে। শ্রমিক মজুরি চায়, মজুরি বোর্ড গঠন করে নতুন মজুরি হয়। কিন্তু  কিছুদিন পর নিত্যপণ্যের দাম বেড়ে, জীবন যাত্রার ব্যয় বেড়ে আবার আগের কষ্ট ফিরে আসে। রেশন ব্যবস্থা চালু করা গেলে শ্রমিকের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ব্যয় কমবে এবং তার ওপর আর্থিক চাপও অনেকটা কমে আসবে।
 
আবুল কালাম আজাদ বলেন, দেশের ঘনবসতিপূর্ণ শ্রমিক এলাকাগুলোতে সরকার ও মালিকপক্ষ যৌথভাবে রেশন ব্যবস্থা চালু করতে পারে। সরকার চাইলে এককভাবেও এ উদ্যোগ নিতে পারে। বিশেষ করে সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের মতো শ্রমিক অধ্যুষিত এলাকায় এ ধরনের ব্যবস্থা চালু করা সম্ভব।
 
তিনি বলেন, সবাইকে এখনই রেশন কার্ড দেওয়া সম্ভব না হলে কম দামে শ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের ব্যবস্থা করা যেতে পারে। সরকার মালিকদের ভর্তুকি দিতে পারে। মালিকরা সেই ভর্তুকির মাধ্যমে কারখানার ভেতরে রেশন দোকানের মতো ব্যবস্থা চালু করতে পারেন। এতে শ্রমিকদের নিত্যপণ্যের ব্যয় কমবে এবং তাদের জীবনযাত্রার চাপও কিছুটা কমবে।
 
টিইউসির এই নেতা বলেন, দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে, যারা সরাসরি উৎপাদনের সঙ্গে জড়িত নয়, তাদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এতে কোনো সন্দেহ নেই। তবে সেই উৎপাদন ব্যবস্থা সচল রাখছেন শ্রমিকরা।
 
‘দেশের অর্থনীতিকে সচল রাখার কাজে যারা সরাসরি যুক্ত, তাদেরই যদি খাবারের চিন্তা করতে হয়, তাহলে বিষয়টি বিবেচনা করা প্রয়োজন’—বলেন তিনি।
 
তিনি আরও বলেন, মালিকদেরও কষ্ট আছে, মধ্যবিত্তেরও কষ্ট আছে, শ্রমিকদেরও কষ্ট থাকবে। কিন্তু বর্তমানে শ্রমিকদের টিকে থাকাই দিন দিন কঠিন হয়ে পড়ছে। এর একটি বড় কারণ চাকরির অনিশ্চয়তা। আবার চাকরি থাকলেও মালিক ব্যবসা করতে না পারলে নিয়মিত ও যথাযথভাবে মজুরি দেওয়া কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে মজুরি কমিয়ে দেওয়ার প্রবণতাও তৈরি হয়।
 
আবুল কালাম আজাদ বলেন, এ পরিস্থিতিতে শ্রমিকদের সুরক্ষায় সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শ্রমিকের প্রতি মূল দায়িত্ব মালিকের থাকলেও এর ওপর সরকারেরও দায়িত্ব রয়েছে। কিন্তু শ্রমিকদের বর্তমান পরিস্থিতিতে সরকারের ভূমিকা প্রত্যাশিত মাত্রায় দেখা যাচ্ছে না।
 
তিনি বলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কমাতে রেশন ব্যবস্থা চালু করা গেলে একদিকে যেমন তাদের খাদ্যনিরাপত্তা বাড়বে, অন্যদিকে মজুরির ওপর চাপও কমবে। ফলে শ্রমিকদের অনেক সমস্যারই সমাধান করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...