• আপডেট টাইম : 28/06/2026 05:04 PM
  • 2297 বার পঠিত
  • মো. হাসান আলী
  • sramikawaz.com

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হলো শ্রমজীবী মানুষ। বিশেষ করে তৈরি পোশাক খাতের লাখো শ্রমিক দেশের রপ্তানি আয়ের সিংহভাগ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের শ্রম, দক্ষতা ও ত্যাগের ওপর নির্ভর করেই বাংলাদেশের অর্থনীতি বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রেখেছে। কিন্তু বাস্তবতা হলো, অর্থনীতির এই মূল চালিকাশক্তি এখনও ন্যায্য মজুরি, সামাজিক সুরক্ষা এবং সম্মানজনক জীবনযাপনের সুযোগ থেকে অনেকাংশে বঞ্চিত। ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট তাই শ্রমিকদের জন্য কতটা স্বস্তি বয়ে আনবে, সেই প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তৈরি পোশাক শ্রমিকের বর্তমান জীবনচিত্র

গত কয়েক বছরে উচ্চ মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাসাভাড়া ও চিকিৎসা ব্যয়ের ঊর্ধ্বগতির কারণে গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠেছে। বর্তমানে একজন সাধারণ শ্রমিকের মাসিক আয় দিয়ে পরিবারের মৌলিক চাহিদা পূরণ করাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বেতন পাওয়ার পর ঘরভাড়া, গ্যাস-বিদ্যুৎ বিল, পরিবহন খরচ এবং দৈনন্দিন বাজারের ব্যয় মেটাতেই অধিকাংশ আয় শেষ হয়ে যায়। ফলে অনেক শ্রমিক পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারেন না। মাছ, মাংস, দুধ কিংবা ফলমূল অনেক পরিবারের ক্রয় করতে পারচেনা,এর ফলে নারী শ্রমিকদের মধ্যে রক্তস্বল্পতা, অপুষ্টি এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

অন্যদিকে অধিকাংশ শ্রমিক শিল্পাঞ্চলের ঘনবসতিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করেন। ছোট একটি কক্ষে পুরো পরিবার নিয়ে বসবাস, অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা এবং নিরাপদ পানির অভাব তাদের জীবনকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। অসুস্থ হলে মানসম্মত চিকিৎসা গ্রহণের সামর্থ্যও অনেকের নেই। একই সঙ্গে শিক্ষার ব্যয় বৃদ্ধি পাওয়ায় শ্রমিক পরিবারের অনেক সন্তান ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে।

বাজেট ঘিরে শ্রমিকদের প্রত্যাশা

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে শ্রমজীবী মানুষের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রত্যাশা ছিল।
প্রথমত, শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য বিশেষ রেশনিং ব্যবস্থা চালু করা। সুলভ মূল্যে চাল, ডাল, তেল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের ব্যবস্থা থাকলে শ্রমিক পরিবারগুলো সরাসরি উপকৃত হতো।

দ্বিতীয়ত, উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে জীবনযাত্রার ব্যয় সমন্বয়ের জন্য মহার্ঘ ভাতা বা অন্তর্বর্তীকালীন মজুরি সমন্বয়ের উদ্যোগ নেওয়া। বর্তমান মজুরি কাঠামো অনেক ক্ষেত্রেই বাস্তব জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তৃতীয়ত , শ্রমিক ও তাদের পরিবারের জন্য সার্বজনীন স্বাস্থ্যবিমা চালুর প্রত্যাশা ছিল। চিকিৎসা ব্যয় বর্তমানে শ্রমিক পরিবারের অন্যতম বড় বোঝা। একটি কার্যকর স্বাস্থ্যবিমা ব্যবস্থা শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

চতুর্থত , শিল্পাঞ্চলে স্বল্পভাড়ার শ্রমিক আবাসন প্রকল্প, ডরমিটরি ব্যবস্থা এবং শ্রমিক পরিবারের জন্য শিক্ষা সহায়তা কর্মসূচির দাবি দীর্ঘদিনের।

বাজেটের প্রাপ্তি ও অপ্রাপ্তি
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন শ্রমবাজার অনুসন্ধান, দক্ষতা উন্নয়ন এবং শিল্পায়নকে উৎসাহিত করার উদ্যোগ অর্থনীতির জন্য ইতিবাচক।

তরুণ ও নারী শ্রমিকদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং প্রযুক্তিনির্ভর শিল্পখাতে প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সহায়ক হতে পারে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা সম্প্রসারণের কিছু উদ্যোগও রয়েছে।

তবে শ্রমিকদের প্রত্যাশার তুলনায় বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘাটতি রয়ে গেছে। গার্মেন্টস শ্রমিকদের জন্য পৃথক রেশনিং ব্যবস্থা বা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মহার্ঘ ভাতার বিষয়ে সুস্পষ্ট কোনো ঘোষণা নেই। শিল্পাঞ্চলে শ্রমিক আবাসন নির্মাণ কিংবা কার্যকর স্বাস্থ্যবিমা কর্মসূচির জন্যও উল্লেখযোগ্য বরাদ্দ বা রূপরেখা দেখা যায় না।
এছাড়া অনানুষ্ঠানিক খাত, সাব-কন্ট্রাক্টিং কারখানা এবং ক্ষুদ্র শিল্পে নিয়োজিত শ্রমিকদের সামাজিক সুরক্ষার বিষয়টিও এখনও পর্যাপ্ত গুরুত্ব পায়নি। শিল্প খাতে কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং কারখানা বন্ধ হওয়ার প্রবণতা শ্রমিকদের উদ্বেগ আরও বাড়িয়েছে।

শ্রমিকবান্ধব উন্নয়নের জন্য করণীয়
বাংলাদেশ যদি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্জন করতে চায়, তাহলে শ্রমিককে শুধু উৎপাদনের উপকরণ নয়, বরং উন্নয়নের অংশীদার হিসেবে বিবেচনা করতে হবে। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছাবে না।

এ জন্য শ্রমিকদের জন্য বিশেষ রেশনিং ব্যবস্থা, সার্বজনীন স্বাস্থ্যবিমা, সাশ্রয়ী আবাসন প্রকল্প, দুর্ঘটনা বিমা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং অবসরকালীন পেনশন সুবিধা চালুর উদ্যোগ গ্রহণ প্রয়োজন। একই সঙ্গে শ্রম আইন কার্যকর বাস্তবায়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ট্রেড ইউনিয়ন অধিকারকে শক্তিশালী করতে হবে।

জাতীয় বাজেটের সফলতা কেবল তার আকার বা প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা দিয়ে পরিমাপ করা যায় না। প্রকৃত সফলতা তখনই অর্জিত হবে, যখন দেশের শ্রমজীবী মানুষ তাদের শ্রমের ন্যায্য মূল্য পাবে, নিরাপদ কর্মপরিবেশে কাজ করতে পারবে এবং একটি মর্যাদাপূর্ণ জীবনযাপনের নিশ্চয়তা লাভ করবে।

তৈরি পোশাক খাতের শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। তাদের কল্যাণ, সামাজিক সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে কার্যকর বিনিয়োগ ছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নের প্রতিটি ধাপে শ্রমিকের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। কারণ শ্রমিকের উন্নয়নই দেশের উন্নয়ন, শ্রমিকের নিরাপত্তাই টেকসই অর্থনীতির ভিত্তি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...