কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের দা-এর কোপে ছোট ভাই আতাউল মালিথা (৫৬) নিহত হয়েছেন।
৭ নভেম্বর আজ শনিবার দুপুর ২টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা মধ্যপাড়া গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত আতাউল মালিথা একই গ্রামের মৃত রাহাতুল্লাহ মালিথার ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ শনিবার দুপুরে বড় ভাই তোফাজ্জেল মালিথা ও ছোট ভাই আতাউল মালিথার মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে বড় ভাই তোফাজ্জেল মালিথার হাতে থাকা দা দিয়ে ছোট ভাই আতাউলের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা আতাউল মালিথাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
হত্যাকান্ডের ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের দা-এর কোপে ছোট ভাই গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়ায় তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে। অভিযুক্তকে দ্রæত আইনের আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন।