• আপডেট টাইম : 03/11/2026 10:09 PM
  • বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com
 
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
 
৩ নভেম্বর মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।
 
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।
 
প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
 
এ ঘটনায় ছয় শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সংঘর্ষের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।
 
প্রত্যক্ষদর্শীরা বরাত দিয়ে বাংলানিউজ জানায় জানায়, সংঘর্ষ চলাকালে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় টিয়ারশেল নিক্ষেপ করেন। অন্যদিকে শ্রমিকদের একটি অংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
 
প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষ চলার পর সন্ধ্যার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
 
নারায়ণগঞ্জ-৪ আসনের শিল্প পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেছে, তারা কোনো সাধারণ শ্রমিক নয়। শ্রমিকের ছদ্মবেশে একটি মহল অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করছে।
 
তিনি আরও বলেন, শ্রমিক অসন্তোষে যারা উস্কানি দিয়েছে, তাদের প্রত্যেকের ভিডিও ও ছবি পুলিশের কাছে রয়েছে। আজকের ঘটনায় যারা উস্কানি দিয়েছে, তাদের বিস্তারিত তথ্যও পুলিশের হাতে আছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
শিল্প পুলিশ সুপার বলেন, সাধারণ কোনো শ্রমিক আমাদের দ্বারা আহত হোক, এটা আমরা কখনোই চাই না। শ্রমিকদের ব্যাপারে সরকার যথেষ্ট আন্তরিক। তবে কোনো কুচক্রী মহল সাধারণ শ্রমিকের ছদ্মবেশে এ শিল্প খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...