• আপডেট টাইম : 05/10/2026 11:21 PM
  • 4 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com
কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। নিরাপত্তাজনিত কারণে এনসিপির পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল করতে দেয়নি পুলিশ। এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছিল দলটি।
 
৫ অক্টোবর সোমবার বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হওয়ার কথা ছিল। প্রায় ১ ঘণ্টা পর মিছিল না করেই ফিরে যান দলটির নেতাকর্মীরা।
 
এর আগে বিকেল ৪টা থেকে পাবলিক লাইব্রেরি মাঠে জড়ো হতে থাকেন এনসিপির নেতাকর্মীরা। পরে তাঁরা রাস্তায় বের হতে চাইলে বাধা দেয় পুলিশ। এরপর দলটির নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা বিভিন্ন ধরনের স্লোগান দেন।
 
দলটির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি সাংবাদিকদের বলেন, "পুলিশ আমাদের রাস্তায় বের হতে দিচ্ছে না। কার আদেশে এবং কেন—সেটাও বলছে না।"
 
কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, "আমাদের কাছে তথ্য আছে, তারা পাবলিক লাইব্রেরি মাঠে বিক্ষোভ করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে তাদের রাস্তায় যেতে দেওয়া সম্ভব হচ্ছে না।"
 
বিক্ষোভ সমাবেশে এনসিপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি ও সদস্যসচিব সুলতান মারুফ তালহাদূসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখাড়ায় বেড়াতে এসে হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তাঁকে বহনকারী গাড়ি ভাঙচুর করা হয় এবং তাঁর দিকে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে পুলিশের সহায়তায় এলাকা ত্যাগ করেন তিনি। জেলা ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলায় নেতৃত্ব দেন বলে এনসিপির নেতাদের অভিযোগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...