• আপডেট টাইম : 26/11/2026 08:18 AM
  • 79 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com

পোশাক খাতের নতুন ঘোষিত মজুরি খুব বেশি না হলেও সার্বিক বিবেচনায় এতে অখুশি হওয়ার মতো কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান।

নতুন ঘোষিত মজুরি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। তৌহিদুর রহমান বলেন, নতুন ঘোষিত গার্মেন্টস শ্রমিকদের মজুরি 'অপর্যাপ্ত হলেও অখুশি হওয়ার মতো নয়'।

তৌহিদুর রহমান বলেন, “২০২৩ সালে ৮ হাজার টাকার বেতন যখন ১২ হাজার ৫০০ টাকায় উন্নীত হয়েছিল, তা ছিল পাঁচ বছরের ব্যবধানে ৫৬ শতাংশ বৃদ্ধি। এবার তিন বছরের মাথায় ৩৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। পাঁচ বছরের সমান্তরালে হিসাব করলে এই বৃদ্ধির হার ৬০ শতাংশে পৌঁছাত। নতুন প্রেক্ষাপটে তিন বছরে যে ৩৬ শতাংশ বৃদ্ধি হয়েছে, টাকার অঙ্কে তা অপর্যাপ্ত মনে হলেও অখুশি হওয়ার মতো নয়।”

তিনি আরও বলেন, “আগে পাঁচ বছরের ব্যবধানে শ্রমিকদের মজুরি সাড়ে ৪ হাজার টাকা বেড়েছিল। বর্তমানে টাকার মান কিছুটা কমলেও তিন বছরে সাড়ে ৪ হাজার টাকা বৃদ্ধি একেবারে ফেলে দেওয়ার মতো নয়। তবে ক্ষোভের জায়গা হলো—৪ নম্বর থেকে ২ নম্বর গ্রেডের অধিকাংশ শ্রমিকই বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আগে থেকেই নতুন ঘোষিত মজুরির কাছাকাছি অবস্থানে রয়েছেন। ফলে তাদের মূল বেতন কার্যত ২০০ থেকে ৪০০ টাকার বেশি বাড়বে না।”

ঘোষণায় থাকা সর্বনিম্ন ২ হাজার টাকা ইনক্রিমেন্টের শর্ত প্রসঙ্গে তিনি বলেন, “এই ধারাটি সঠিকভাবে বাস্তবায়িত হলে আমরা একে স্বাগত জানাব। কিন্তু এটি কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে তা শ্রমিকদের জন্য 'শুভঙ্করের ফাঁকি' হয়ে দাঁড়াবে।”

পূর্ণাঙ্গ গেজেট এখনো হাতে পাননি উল্লেখ করে শ্রমিক ঐক্য পরিষদের চেয়ারম্যান জানান, খসড়া গেজেট হাতে পাওয়ার পর তা বিশদভাবে পর্যালোচনা করা হবে এবং কোনো আপত্তি থাকলে আগামী ১৪ দিনের মধ্যেই মন্ত্রণালয়ে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...