দেশের প্রায় ৮০ লাখ নির্মাণ শ্রমিকের কর্মক্ষেত্রে জীবন রক্ষা, আইনি স্বীকৃতি হিসেবে নিয়োগপত্র প্রদান এবং বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরিসহ ১২ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন।
এসব দাবি আদায়ে আগামী ১৩ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের পাশাপাশি সারা দেশে ধারাবাহিকভাবে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
৩০ আগস্ট রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ফেডারেশনের সভাপতি মো. আব্দুল মতিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি আমিরুল হক আমিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসাইন।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, দেশের রাস্তাঘাট, সেতু ও আধুনিক বহুতল ভবন নির্মাণে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন ৮০ লাখ শ্রমিক।
অথচ তাদের কাজের ন্যূনতম নিরাপত্তা, হেলমেট, সেফটি বেল্ট বা বুটের মতো মৌলিক সরঞ্জাম দেওয়া হয় না। অধিকাংশ শ্রমিকই আইনগত নিয়োগপত্র ও পরিচয়পত্র থেকে বঞ্চিত, যার ফলে মজুরি বঞ্চনা ও মালিকপক্ষের হয়রানির শিকার হতে হচ্ছে তাদের।
নির্মাণ শ্রমিকদের ১২ দফাগুলো, শ্রম আইনানুযায়ী নির্মাণ শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান। কর্মক্ষেত্রে শ্রমিকদের জীবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনধারণ উপযোগী মজুরি নির্ধারণ। সামাজিক নিরাপত্তা ও অবসরকালীন সময়ের জন্য সরকারি উদ্যোগে আলাদা ‘অবসর কল্যাণ’ ফান্ড গঠন। সরকারি উদ্যোগে জেলাভিত্তিক আবাসন ব্যবস্থা করা।
দেশের সব নির্মাণ শ্রমিককে ডিজিটাল ডেটাবেজের আওতায় আনা। কর্মক্ষেত্রে নিহত ও আহত শ্রমিকদের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা। স্বাস্থ্যগত নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ কর্মস্থল পর্যবেক্ষণ ও শ্রম আইন বাস্তবায়নে নিয়মিত মনিটরিং ব্যবস্থা চালু। নির্মাণ শ্রমিকদের জন্য জেলাভিত্তিক বিশেষায়িত সরকারি হাসপাতাল স্থাপন। যেকোনো নির্মাণের ক্ষেত্রে সরকারি অনুমোদন বাধ্যতামূলক করা এবং মোট ব্যয়ের এক শতাংশ নির্মাণ শ্রমিক কল্যাণ ফান্ডে জমা দেওয়া। শ্রম আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধন করে শ্রমিকবান্ধব আইন প্রণয়ন। প্রতিটি নির্মাণ শ্রমিককে গ্রুপ বিমার আওতায় আনা এবং সব সরকারি ছুটি কার্যকর করা।
১২ দফা বাস্তবায়নের দাবিতে আগামী ১৩ সেপ্টেম্বর (রোববার) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন পালন করবেন নির্মাণ শ্রমিকরা। পরবর্তী সময়ে সারা দেশে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশের মতো ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন রনি, আ. স. ম জাকারিয়া, ইসরাফিল হোসেন, মো. রফিকুল ইসলাম, শুকুর আলী, হাজী হাফিজুর রহমান, দিপক চৌধুরী, আব্দুর রহিম, মনিরা মুন্নি, সুরাইয়া জেসমিন রুমা ও হুমায়ুন কবির প্রমুখ।
এ জাতীয় আরো খবর..