কুষ্টিয়ার কুমারখালীতে মাঠে ধানের চারা রোপণ করার সময় বজ্রপাতে মামুনুর রশিদ মিলন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
৩ আগস্ট সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ যদুবয়রা গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ গ্রামের মৃত পরশ উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে দক্ষিণ যদুবয়রা গ্রামের মাঠে অন্যের জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন কৃষক মিলন। দুপুরে এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়। আড়াইটার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মারাত্মক আহত হয়ে জমিতেই লুটিয়ে পড়েন।
পরবর্তীতে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, মাঠে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..