কুষ্টিয়ার দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে গ্রাম পুলিশ পিতা নিহত হয়েছেন।
২৬ জুলাই রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়া সীমান্ত এলাকায় হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত বানেজ উদ্দিন চৌকিদার (৪৮) একই এলাকার মৃত আমির চৌকিদার ছেলে। তিনিও পেশায় গ্রাম পুলিশ ছিলেন। নিহতের অভিযুক্ত ছেলে রাজিব (২৫) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বানেজ উদ্দিন চৌকিদার তার পালন করা একটি মহিষ বিক্রয় করেন। মহিষ বিক্রয়ের টাকা ছেলে রাজিব দাবি করলে পিতা তা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে পিতা-পুত্রের মধ্যে কথা-কাটাকাটি একপর্যায়ে রাজিবের হাতে থাকা একটি টর্চলাইট দিয়ে তার পিতা বানেজ উদ্দিন চৌকিদারের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বানেজ উদ্দিনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মহিষকুন্ডি এলাকায় তিনি মারা যান। ঘটনার পরপরই ঘাতক ছেলে রাজিব পালিয়ে যায়।
হত্যাকান্ডের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, ছেলের হাতে বাবা নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।