• আপডেট টাইম : 06/06/2026 08:09 PM
  • 60 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও সীমান্ত এলাকার সাধারণ জনতা। সেইসাথে বিএসএফ’র পুশইন বা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার করেছে বিজিবি। দিনরাত টহল কার্যক্রম অব্যাহত রাখায় এ সীমান্ত দিয়ে এখনও পর্যন্ত কোন পুশইনের ঘটনা ঘটেনি বলে জানাগেছে।

কুষ্টিয়ার দৌলতপুরে ৪৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এরমধ্যে ভারত অংশে ১৮ কি. মি. কাটাতারের বেড়া রয়েছে। এ সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করতে পারে বিএসএফ এমন শঙ্কা থেকে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। বিজিবির বিভিন্ন বিওপিতে জনবল বাড়ানো হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার জনসাধারণ বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারি ও টহল কার্যক্রমে সহযোগিতা করছেন বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

 

বিজিবি সূত্র আরো জানিয়েছে, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের ফলে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার ও কার্যকর করা হয়েছে। বাংলাদেশে পুশইন বা অনুপ্রবেশের চেষ্টা প্রতিরোধে সবধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজিবি যেভাবে দিন-রাত টহল কার্যক্রম পরিচালনা করছে, তাতে অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের কোনো সুযোগ নেই। সীমান্ত এলাকায় নিয়মিত মাইকিংসহ সতর্কতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। এতে সীমান্ত এলাকার জনগনের সক্রিয় সহযোগিতা থাকায় সীমান্তে নজরদারি বেড়েছে।

বিজিবি’র সঙ্গে সীমান্ত সংলগ্ন গ্রামবাসীর টহল কার্যক্রমে অংশ নেওয়া প্রসঙ্গে রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল বলেন, পুশইন বা অনুপ্রবেশ ঠোকাতে সীমান্ত এলাকার জনসাধারণ বিজিবির সাথে টহলে সহযোগিতা করছে। সীমান্ত সুরক্ষায় এ কর্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।


এ বিষয়ে কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ২৪ ঘণ্টা টহল, মাইকিং ও সতর্কতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। সম্ভাব্য পুশইন পয়েন্টগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরও জনবল বাড়ানো হবে। সীমান্ত সুরক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না।


তিনি আরো বলেন, বর্তমান সময়ে সীমান্তে বসবাসরত বাংলাদেশি নাগরিকেরা আমাদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। তারা পালাক্রমে বিজিবির সঙ্গে টহল কার্যক্রমে সহযোগিতা করছেন। এ জন্য তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...