কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে ১২০টি পরিবারকে নিয়ে গঠিত ‘আরব বাংলা নতুন সমাজ’ নামের একটি নতুন সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার (৮ মে) এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জানা গেছে, এলাকার সার্বিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে ১৯ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই সামাজিক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার মানুষের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার মনোভাব আরও সুদৃঢ় হবে। পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক নানা সমস্যার সমাধান এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে সংগঠনটির ভবিষ্যৎ সফলতা এবং এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।