• আপডেট টাইম : 22/04/2026 09:04 PM
  • 74 বার পঠিত
  • শরীফুল ইসলাম, দৌলপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়া-ঈশ্বরদী সীমান্তে পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলায় ওসিসহ ৫ পুলিশ সদস্য ও নৌকার মাঝি গুলিবিদ্ধ হয়েছেন। ২১ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে পাবনা-কুষ্টিয়া সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীতে এ হামলার ঘটনা ঘটে।

২২ এপ্রিল বুধবার ভোরে আহত ৫ পুলিশ সদস্যকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে চোখে আঘাতপ্রাপ্ত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন-পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা নৌ-ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া ও নৌকার মাঝি মো. তুহি। আহত পুলিশ সদস্যরা ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ- ফাঁড়িতে কর্মরত। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষীকুন্ডা নৌ-ফাঁড়ির একটি টহল দল পদ্মা নদীতে টহলে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে নৌ-ফাঁড়ির ৫জন সদস্য ও নৌকার মাঝি গুলিবিদ্ধ হয়ে আহত হন।

পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন নৌ পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, পদ্মা নদীতে অবৈধ বালুকাটার সংবাদ পেয়ে নৌ-পুলিশের একটি দল লক্ষীকুন্ডা থেকে ফোর্সসহ রওনা দেয়। রাত আনুমানিক দেড়টা থেকে দুইটার মধ্যে কোন একটি সময়ে অজ্ঞাতনামা একদল সন্ত্রাসী স্পিড বোর্ডে এসে তাদের উপর অতর্কিত গুলি চালায়।

গুলিবিদ্ধ নৌকার মাঝি মো. তুহিন বলেন, মঙ্গলবার রাত এগারোটার সময় পুলিশ সদস্যদের নিয়ে তিনি নৌকা যোগে রওনা দেন। রাত দেড়টার দিকে ঘটনাস্থলে গেলে ৩০-৩৫ জন অতর্কিত এসে হামলা চালায় এবং ২০ থেকে ৩০ রাউন্ড গুলি ছোড়ে। এতে আমিসহ আমার নৌকায় থাকা ৫ নৌ পুলিশ গুলিবিদ্ধ হয়।

পাবনা জেনারেল হাসপাতালের অর্থপেডিক বিভাগের আবাসিক সার্জন ডাক্তার হাসানুজ্জামান টুটুল জানান, গুলিবিদ্ধ অবস্থায় ৫ জন নৌ-পুলিশ সদস্যসহ ৬জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের শরীর থেকে গুলির পিলেট বের করা হয়েছে। বাঁকিদের চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে থেকে ছেড়ে দেয়া হবে। তারা সকলে আশঙ্কা মুক্ত আছেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন জানান, পদ্মা নদীর মাঝখানে পাবনা-কুষ্টিয়ার সীমান্তে নৌ-পুলিশের উপর হামলার ঘটনাটি ঘটেছে, এতে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুÐা নৌ ফাঁড়ির ইনচার্জসহ ৫ পুলিশ সদস্য ও নৌকার মাঝি গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...