• আপডেট টাইম : 23/11/2026 05:59 AM
  • 31 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com


তৈরি পোশাকশিল্পের ন্যূনতম মজুরি নিয়ে দেওয়া বিশ্লেষণে ইচ্ছাকৃতভাবে মজুরির অঙ্ক বাড়ানো হয়নি বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।


২২নভেম্বর রোববার বিজিএমইএর পর্যবেক্ষণের জবাবে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খানকে পাঠানো চিঠিতে এ কথা জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।


পটভূমি
গত ১৮ নভেম্বর এক মিডিয়া ব্রিফিংয়ে ন্যূনতম মজুরি বিষয়ে নিজেদের বিশ্লেষণ উপস্থাপন করে সিপিডি। এর প্রেক্ষিতে ১৯ নভেম্বর চিঠি পাঠিয়ে বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরে বিজিএমইএ। সেসব বিষয়ে ব্যাখ্যা দিয়েই সিপিডি এই জবাব দিয়েছে। চিঠির শুরুতে সংগঠনটি বলেছে, এ ধরনের গঠনমূলক মতবিনিময় তথ্যভিত্তিক ও বাস্তবসম্মত মজুরি নির্ধারণের প্রক্রিয়াকে সমৃদ্ধ করতে পারে।
পরিবারের সদস্যসংখ্যা: গড় নয়, মধ্যমান কেন


সিপিডি জানিয়েছে, তাদের হিসাবে পরিবারের সদস্যসংখ্যা ধরা হয়েছে ৪ জন এবং প্রতি পরিবারে উপার্জনকারী ১.৫৮ জন। এ দুটি সংখ্যা বিভিন্ন প্রকাশিত গবেষণার মানের মধ্যমান (মিডিয়ান)। এসব উৎসের মধ্যে রয়েছে বিবিএসের খানা আয়-ব্যয় জরিপ (HIES) ২০২২, বিআইএলএস, অ্যাংকার ও অন্যদের (২০১৬) গবেষণা, সাইয়্যেদ-মাহমুদ-করিমের (২০২৪) গবেষণা, এসিডি (২০২০) এবং আইএলও ও ইউএন উইমেনের (২০২০) গবেষণা।


সংগঠনটির ব্যাখ্যা, গবেষণাগুলো ভিন্ন সময়, এলাকা ও পদ্ধতিতে হওয়ায় কোনো একটি অস্বাভাবিক বেশি বা কম মানের প্রভাব এড়াতে মধ্যমান ব্যবহার যুক্তিসংগত। বিজিএমইএর পরামর্শ অনুযায়ী সরল গড় নিলেও ফল প্রায় একই থাকে বলে জানায় সিপিডি। পাঁচ উৎসে পরিবারের সদস্যসংখ্যার সরল গড় ৩.৯৩, আর সিপিডির ব্যবহৃত মধ্যমান ৪। উপার্জনকারী সদস্যসংখ্যার ক্ষেত্রে সরল গড় প্রায় ১.৬৭ এবং মধ্যমান ১.৫৮।


তবে সিপিডি স্বীকার করেছে, এটি কোনো প্রতিনিধিত্বশীল নমুনা জরিপের বিকল্প নয়। তারা কোনো নতুন জরিপের ভিত্তিতে এই সংখ্যা নির্ধারণ করেনি এবং হিসাবগুলো নির্দেশক বা আনুমানিক হিসেবেই উপস্থাপন করা হয়েছে।


এসইডিএস ২০২৩–এর তথ্য ব্যবহারের প্রস্তাব
বিজিএমইএ পরিবারের সদস্যসংখ্যার ক্ষেত্রে বিবিএসের আর্থসামাজিক ও জনমিতিক জরিপ (SEDS) ২০২৩–এর তথ্য ব্যবহারের প্রস্তাব দিয়েছিল। সিপিডি বলেছে, ন্যূনতম মজুরি নির্ধারণে পরিবারের ব্যয় ও জীবনযাত্রার খরচ বিবেচনায় HIES বিশেষভাবে প্রাসঙ্গিক। তাদের দারিদ্র্যসীমাভিত্তিক মজুরির হিসাবের মূল ভিত্তি HIES ২০২২ থেকে পাওয়া ঢাকা বিভাগের শহরাঞ্চলের মাথাপিছু উচ্চ দারিদ্র্যসীমা (৪,৯২২ টাকা)। একই জরিপ থেকে ব্যয় ও সদস্যসংখ্যার তথ্য নিলে সামঞ্জস্য রাখা সহজ হয়। তবে ভিন্ন জরিপের তথ্য ব্যবহারে কোনো বাধা নেই বলেও জানায় সংগঠনটি।


HIES ২০২২ অনুযায়ী শহরাঞ্চলে পরিবারের গড় সদস্যসংখ্যা ৪.১৮ এবং জাতীয় পর্যায়ে ৪.২৬। সিপিডি ধরেছে ৪, যা শহরাঞ্চলের গড়ের চেয়েও কম। অর্থাৎ সদস্যসংখ্যা বেশি ধরে মজুরির হিসাব বাড়ানো হয়নি।


বিজিএমইএর প্রস্তাব অনুযায়ী এসইডিএসের ৩.৯৬ জন ধরলে, অন্য অনুমান অপরিবর্তিত রেখে, দারিদ্র্যসীমাভিত্তিক মজুরি ১৮,৫৭৮ টাকা থেকে কমে ১৮,৩৯২ টাকা হয়। পার্থক্য মাত্র ১৮৬ টাকা। এ কারণেই সিপিডি একটি নির্দিষ্ট অঙ্ক না বলে আলোচনার জন্য আনুমানিক পরিসর তুলে ধরেছে।

উপার্জনকারী সদস্য
উৎসভেদে প্রতি পরিবারে উপার্জনকারী সদস্য ১.৩৭ থেকে ২.১০ জনের মধ্যে। সিপিডি বলেছে, এই মধ্যমানকে পোশাকশ্রমিকদের পরিবারের প্রকৃত গড় উপার্জনকারী সংখ্যা বলে দাবি করা হচ্ছে না। HIES ২০২২–এর শহরাঞ্চলের ১.৩৭ ব্যবহার করলে, অন্য সব অনুমান অপরিবর্তিত থাকলে, একজন উপার্জনকারীর প্রয়োজনীয় মজুরি আরও বেশি হতো। অর্থাৎ ১.৫৮ ধরার ফলে মজুরির হিসাব বেড়ে যায়নি।

২০২৩ সালের জরিপ প্রসঙ্গ
সিপিডির ২০২৩ সালের গবেষণায় ৭৬টি কারখানার তিনজন করে মোট ২২৮ শ্রমিকের সঙ্গে কথা বলা হয়েছিল, যার প্রতিনিধিত্বশীলতা নিয়ে বিজিএমইএর তৎকালীন নেতৃত্ব প্রশ্ন তুলেছিল। এবার শুধু সেই গবেষণার ওপর নির্ভর না করে এসিডির ১,১১৯ জন এবং আইএলও ও ইউএন উইমেনের ৫৫৩ জন শ্রমিকের গবেষণা এবং বিবিএসের তথ্যও বিবেচনা করা হয়েছে। তবে সিপিডি মানছে, এসব একত্র করলেও তা নতুন প্রতিনিধিত্বশীল জরিপের সমতুল্য নয়। ২০২৩ ও ২০২৬ সালের হিসাবের পার্থক্য থেকে তিন বছরে পরিবারের আকার বেড়েছে বা উপার্জনকারী কমেছে, এমন কোনো দাবিও তারা করেনি।


দারিদ্র্যসীমা: শহর, গ্রাম ও ভারিত গড়
সিপিডির যুক্তি, পোশাকশ্রমিকদের বড় অংশ শহর ও শহরসংলগ্ন শিল্পাঞ্চলে থাকেন, বাসাভাড়া দেন এবং দৈনন্দিন প্রয়োজনের বেশিরভাগ বাজার থেকে কেনেন। তাই শহরাঞ্চলের দারিদ্র্যসীমা ব্যবহার যুক্তিসংগত। HIES ২০২২–এর "ঢাকা আরবান" দারিদ্র্যসীমা শুধু ঢাকা মহানগরের জন্য নয়, ঢাকা বিভাগের সব শহরাঞ্চলের জন্য প্রযোজ্য, ফলে গাজীপুর, নারায়ণগঞ্জের মতো শিল্পাঞ্চলের ক্ষেত্রেও তা প্রাসঙ্গিক।
বিজিএমইএ শহর ও গ্রামের দারিদ্র্যসীমার সরল গড় নেওয়ার প্রস্তাব দিয়েছিল। সিপিডি বলেছে, এতে দুই এলাকাকে সমান গুরুত্ব দেওয়া হয়, অথচ শ্রমিকদের কত শতাংশ শহরে ও কত শতাংশ গ্রামে থাকেন, সেই তথ্য ছাড়া তা যৌক্তিক নয়। তবে উপযুক্ত তথ্য পেলে শ্রমিকসংখ্যা অনুযায়ী ভারিত গড় ব্যবহারে তারা একমত। রপ্তানির পরিমাণ দিয়ে এই ভার নির্ধারণ যুক্তিসংগত নয়, কারণ রপ্তানি শ্রমিকের জীবনযাত্রার ব্যয়ের সরাসরি নির্দেশক নয়। বিজিএমইএ সদস্য কারখানাগুলোর এলাকাভিত্তিক শ্রমিকসংখ্যার তথ্য দিলে এবং বিবিএস থেকে সংশ্লিষ্ট দারিদ্র্যসীমা পাওয়া গেলে ভারিত হিসাব সম্ভব বলে জানিয়েছে সংস্থাটি।
এ ছাড়া দারিদ্র্যসীমা শুধু পুষ্টির জন্য প্রয়োজনীয় খাদ্যব্যয় নয়; উচ্চ দারিদ্র্যসীমায় খাদ্যবহির্ভূত মৌলিক ব্যয়ও ধরা হয়।

বাসাভাড়া দুবার গণনার অভিযোগ
বিজিএমইএর পর্যবেক্ষণ ছিল, HIES–এর খাদ্যবহির্ভূত ব্যয়ে আবাসন ব্যয় থাকে, তাই এর অনুপাত ব্যবহার করে আলাদাভাবে ১০,০০০ টাকা বাসাভাড়া যোগ করলে একই ব্যয় দুবার গণনার আশঙ্কা থাকে। সিপিডি জানায়, তারা বিবিএসের খাদ্যবহির্ভূত ব্যয় থেকে ঘরভাড়া এবং খাদ্য ব্যয় থেকে তামাক বাদ দিয়ে তারপর অপরিহার্য বিষয়ের খরচ হিসাব করেছে। উপস্থাপনার ২২ নম্বর স্লাইডে স্পষ্ট বলা ছিল, অপরিহার্য ব্যয়ের মধ্যে কাপড়চোপড়, ইউটিলিটি, শিক্ষা, যাতায়াত, ব্যক্তিগত কেয়ার ও যোগাযোগ রয়েছে। তাই আবাসন ব্যয় দুবার ধরা হয়নি। অ্যাংকারের (২০১৬) পদ্ধতিতেও খাদ্য, আবাসন ও অন্যান্য মৌলিক প্রয়োজন আলাদা হিসাবের নীতি আছে।


বার্ষিক ৯ শতাংশ বৃদ্ধি ও এন্ট্রি গ্রেড
২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৫ থেকে ৯ শতাংশ করাকে সিপিডি "গুরুত্বপূর্ণ পদক্ষেপ" বলেছে। তবে তাদের মতে, বার্ষিক ইনক্রিমেন্ট ও নতুন শ্রমিকের ন্যূনতম মজুরি এক বিষয় নয়। ইনক্রিমেন্ট মূল বেতনের ভিত্তিতে বিদ্যমান শ্রমিকের মজুরি বাড়ায়, আর ন্যূনতম মজুরি হলো নির্দিষ্ট গ্রেডে নতুন নিয়োগপ্রাপ্তের সর্বনিম্ন মজুরি। বর্তমান কাঠামোয় সর্বনিম্ন গ্রেডে নতুন যোগদানকারীর মোট ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকা, যা পরিবর্তন হয়নি, যদিও ইনক্রিমেন্টে কারখানার মোট শ্রমব্যয় বেড়েছে।


শুধু এন্ট্রি গ্রেডের মজুরি হিসাব করার প্রসঙ্গে সিপিডি বলেছে, এটি ন্যূনতম মজুরি আলোচনার গুরুত্বপূর্ণ ভিত্তি, তবে অন্য গ্রেড গুরুত্বহীন নয়। দক্ষতা, দায়িত্ব ও উৎপাদনশীলতার পর্যাপ্ত তথ্য ছাড়া প্রতিটি গ্রেডের আলাদা অঙ্ক প্রস্তাব অনুমাননির্ভর হতো।

শিল্পের সক্ষমতা ও পরিসর
শিল্পের সক্ষমতা, উৎপাদন ব্যয়, সুদহার, রপ্তানিমূল্য ও যুক্তরাষ্ট্রের শুল্কের চাপ উপস্থাপনায় তুলে ধরা হয়েছে বলে জানায় সিপিডি। এ কারণেই একক অঙ্কের বদলে পরিসর দেওয়া হয়েছে। মৌলিক চাহিদাভিত্তিক মজুরি ঠিক করবে নিচের সীমা, আর মজুরি দেওয়ার সক্ষমতা ঠিক করবে প্রস্তাবিত উপরের সীমা। তবে সক্ষমতা মাপতে কারখানার ব্যয়, পণ্যের মূল্য ও মুনাফার হালনাগাদ তথ্য দরকার, যা "দুঃখজনকভাবে অনুপস্থিত"। প্রতিযোগী দেশের সঙ্গে তুলনায় শতাংশ বৃদ্ধির চেয়ে মজুরির প্রকৃত স্তর ও উৎপাদনশীলতা দেখা বেশি অর্থবহ, কারণ নিচু ভিত্তি থেকে শতাংশ বৃদ্ধি সবসময় বেশি দেখায়।

সিপিডির তিন অবস্থান


চিঠির শেষে সিপিডি তিনটি অবস্থান তুলে ধরেছে:


১. হালনাগাদ সঠিক তথ্যের ভিত্তিতে ন্যূনতম মজুরি নির্ধারিত হোক। এজন্য শ্রমিক ও কারখানা, দুই প্রেক্ষিত থেকেই বৈজ্ঞানিক নমুনাভিত্তিক বড় জরিপ দরকার। সিদ্ধান্ত হতে হবে বাংলাদেশ শ্রম আইন ২০০৬–এর ১৪১ ধারার মানদণ্ড, যেমন জীবনযাত্রার ব্যয়, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, মূল্যস্ফীতি ও ব্যবসার সক্ষমতা, মেনে।
২. সিপিডি মজুরি বৃদ্ধির পক্ষে, তবে ভাঙচুর, সহিংসতা বা অস্থিরতা কোনোভাবেই সমর্থন করে না। এতে শ্রমিক, শিল্প ও দেশ ক্ষতিগ্রস্ত হয়।
৩. মজুরি বোর্ড যেন শ্রমিকের চাহিদা ও দেশের অর্থনৈতিক বাস্তবতা, দুটোই বিবেচনা করে। জ্বালানি সংকট, উচ্চ সুদহার বা দুর্নীতির মতো শাসনগত সমস্যার দায় শ্রমিকের মজুরি কম রেখে তাদের ওপর চাপানো ঠিক নয়; এসবের সমাধান আলাদাভাবে খুঁজতে হবে।
চিঠির উপসংহারে সিপিডি বিজিএমইএর গঠনমূলক আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও বিজিএমইএ, শ্রমিক সংগঠন ও অন্যান্য অংশীজনের সঙ্গে তথ্য ও বিশ্লেষণভিত্তিক সংলাপ চালিয়ে যাওয়ার আগ্রহ জানিয়েছে। ##

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...