একই সঙ্গে পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষ ও শিল্পের অস্থিরতা নিরসনে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে ধারাবাহিক আলোচনার ওপর জোর দিয়েছে সংস্থাটি।
১৯ নভেম্বর বৃহস্পতিবার ঢাকায় প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে আইএলও।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ এবং চলমান অস্থিরতার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংস্থাটি। এসব ঘটনার প্রভাব শ্রমিকদের জীবন-জীবিকা, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পসম্পর্কের ওপর পড়ছে।
সরকারের নিম্নতম মজুরি বোর্ড গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আইএলও। সংস্থাটির মতে, মজুরি নির্ধারণ প্রক্রিয়াকে গ্রহণযোগ্য ও কার্যকর করতে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
আইএলওর ন্যূনতম মজুরি নির্ধারণবিষয়ক কনভেনশন-১৩১ অনুযায়ী, ন্যূনতম মজুরি নির্ধারণ ও নিয়মিত সমন্বয়ের ক্ষেত্রে স্বচ্ছতা এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। এ ক্ষেত্রে শ্রমিক ও তাদের পরিবারের প্রয়োজন, জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতির কারণে ক্রয়ক্ষমতার ওপর প্রভাব যথাযথভাবে বিবেচনায় নিতে হবে।
পাশাপাশি উৎপাদনশীলতা, কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের টেকসই সক্ষমতার বিষয়গুলোও গুরুত্ব দিতে হবে। এ ছাড়া দেশের সাধারণ মজুরির স্তর, সামাজিক নিরাপত্তা সুবিধা, শিল্পের সক্ষমতা এবং অন্যান্য সামাজিক গোষ্ঠীর তুলনায় জীবনমানের বিষয়টিও বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে পোশাক খাতে সহিংসতা, ভাঙচুর ও উৎপাদন কার্যক্রমে বিঘ্নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইএলও। এসব ঘটনার ফলে শ্রমিক, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পসম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করে সংস্থাটি। পরিস্থিতি শান্ত করতে সব পক্ষকে সংলাপ ও শান্তিপূর্ণ পন্থা অনুসরণের আহ্বান জানিয়েছে তারা। একই সঙ্গে নিম্নতম মজুরি বোর্ডকে নির্ধারিত দায়িত্ব অনুযায়ী সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ দেওয়ার কথা বলেছে।
শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা, সংগঠিত হওয়ার অধিকার এবং যৌথ দর-কষাকষির অধিকারকে সুস্থ শিল্পসম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেছে আইএলও। সংকটের সময়েও এসব অধিকার সম্মান করার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
আইএলওর মতে, পোশাক খাতে মজুরি ও কর্মপরিবেশের টেকসই উন্নয়নে শুধু কারখানার মালিক ও শ্রমিকদের নয়, পুরো সরবরাহব্যবস্থার সংশ্লিষ্ট অংশীজনদেরও সম্মিলিত দায়িত্ব রয়েছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রেতাদের দায়িত্বশীল ব্যবসায়িক ও ক্রয়চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দায়িত্বশীল ক্রয়নীতি শ্রমিকদের মজুরিসংক্রান্ত বাধ্যবাধকতা পূরণ, শোভন কর্মপরিবেশ নিশ্চিত এবং দীর্ঘ মেয়াদে পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা ও টেকসই উন্নয়নে সহায়তা করতে পারে।
এদিকে বাংলাদেশের মজুরি নীতিকে আরও শক্তিশালী করতে সরকার, মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আইএলও। সংস্থাটি জানিয়েছে, তথ্য-প্রমাণ তৈরি, সক্ষমতা উন্নয়ন ও সামাজিক সংলাপের মাধ্যমে প্রমাণভিত্তিক এবং জেন্ডার-সংবেদনশীল জাতীয় মজুরি নীতি গ্রহণে তারা সহযোগিতা করতে প্রস্তুত।
আইএলওর মতে, এ ধরনের জাতীয় মজুরি নীতি বাস্তবায়িত হলে মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় পূর্বানুমানযোগ্যতা, স্বচ্ছতা ও ন্যায্যতা বাড়বে। একই সঙ্গে টেকসই শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং সৌহার্দ্যপূর্ণ শিল্পসম্পর্ক বজায় রাখার পথ তৈরি হবে।