• আপডেট টাইম : 16/11/2026 05:50 PM
  • 45 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com

শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধির আকস্মিক অসুস্থতার কারণে নিম্নতম মজুরি বোর্ডের নির্ধারিত তৃতীয় সভা স্থগিত হয়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পোশাক খাতের মালিকপক্ষ। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বাধ্যবাধকতা থাকায় অনতিবিলম্বে বোর্ডের পরবর্তী সভার তারিখ ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তৈরি পোশাক মালিকদের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

১৬ নভেম্বর সোমবার বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম স্বাক্ষরিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, আজ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে মালিকপক্ষের মজুরি প্রস্তাবনা দাখিলের দিন নির্ধারিত ছিল।


প্রস্তাবনা পেশ করার জন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুতও ছিল। তবে গণমাধ্যম সূত্রে জানা গেছে, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বোর্ডের আজকের সভাটি স্থগিত করা হয়েছে।

মালিকপক্ষ শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসাইনের দ্রুত সুস্থতা কামনা করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, আগামী ১ ডিসেম্বর থেকে নিম্নতম মজুরি কার্যকর করার সুনির্দিষ্ট তারিখ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। তাই পুরো প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি।

সংগঠন দুটির নেতারা মনে করেন, দ্রুত সময়ের মধ্যে নতুন নিম্নতম মজুরি ঘোষণা করা হলে কারখানা মালিকরা বর্ধিত মজুরি দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন। এ অবস্থায় পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে অবিলম্বে স্থগিত হওয়া সভার নতুন তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিজিএমইএ ও বিকেএমইএ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...