জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিম ওরফে টম মাস্টারের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল, বসতবাড়ি ভাঙচুর, মারধর ও মালামাল লুটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
১৪ নভেম্বর আজ শনিবার কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলাটি দায়ের করেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার ইদ্রিস আলী (৬৭) নামে এক ব্যক্তি, যার মামলা নম্বর-৩৪। মামলায় আব্দুল হালিম ওরফে টম মাস্টারকে একমাত্র এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। তবে টম মাস্টার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
ভুক্তভোগী ইদ্রিস আলী পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তাঁদের ওপর নির্যাতন চালানো হয়েছে। এমনকি আগের একটি মামলায় জেল খাটার পর সংসদ সদস্যের বাবার প্রভাব খাটিয়ে তাঁদের জমি দখল করে নেওয়া হয়েছে। প্রাণনাশ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিতে পরিবারটি এখন বাড়িছাড়া রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, হামলাকারীরা ইদ্রিস আলীর বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি করেন। এ সময় বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী মিনারা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। পরে ঘর থেকে ৩টি খাট ও ১০ বান্ডিল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে ইদ্রিস আলী আরও উল্লেখ করেন, ঘটনার পর এলাকাবাসীর কাছে বিচার চাইলে উল্টো ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন আব্দুল হালিম টম মাস্টার। ওই মামলায় তাঁকে কারাভোগ করতে হয়। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে তাঁর জমি দখল করে নিয়েছেন আব্দুল হালিম। এ নিয়ে প্রতিবাদ করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। একপর্যায়ে নিরাপত্তাহীনতার কারণে পরিবার নিয়ে এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন ইদ্রিস আলী।
এজাহারে আরও বলা হয়, গত ১২ নভেম্বর আব্দুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় ইদ্রিস আলী ও তাঁর পরিবারের সদস্যদের মিথ্যাভাবে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন বাদী।
মামলার বাদী ভুক্তভোগী ইদ্রিস আলী জানান, ২০২১ সালে নুসরাত তাবাসসুমের চাচা মঞ্জু মাস্টারের কাছ থেকে সোয়া ৪ কাঠা জমি কিনেছিলেন তিনি। জমি কেনার পর মঞ্জু মাস্টার করোনায় আক্রান্ত হয়ে মারা যান। পরে তাঁর ভাই আব্দুল হালিম ওরফে টম মাস্টার জমিটি নিজের বলে দাবি করে মামলা করেন। এরপর থেকেই তাঁদের ওপর নানা ধরনের অত্যাচার নির্যাতন শুরু হয়।
ইদ্রিস আলীর অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পট পরিবর্তনের পর রাজনৈতিক পরিচয়ের তকমা লাগিয়ে তাঁদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। একপর্যায়ে নিজেদের কেনা জমি থেকেই তাঁদের উচ্ছেদ করা হয়। বর্তমানে জমিটি অন্যের নামে থাকলেও আব্দুল হালিম তা ভোগদখল করছেন বলে দাবি করেন তিনি। নিজের কেনা জমি ফিরে পাওয়ার দাবি জানিয়ে ইদ্রিস আলী বলেন, ওই জমিটুকু ছাড়া আমার আর কিছুই নেই। আমি আমার জমি ফেরত চাই।
ইদ্রিস আলীর স্ত্রী মিনারা খাতুন বলেন, তাঁদের মারধর করে বাড়িঘর ভাঙচুরের পর জমি থেকে উচ্ছেদ করা হয়েছে। পরে মশাউড়া এলাকার সেন্টু শাহ (সাজি) তাঁদের আমবাগানের এক কোণে আশ্রয় দেন। সেই থেকে তাঁরা সেখানেই বসবাস করছেন।
ইদ্রিস আলীর ছেলের বউ শামীমা আক্তার আঁখি (২৬) বলেন, ছোট ছোট সন্তানদের নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে মানবেতর জীবনযাপন করছি। আমার শ্বশুরের ওই জমিটুকু ছাড়া আর কোনো সম্পদ নেই। ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাদের জমি জোরপূর্বক দখল করা হয়েছে। আমরা আমাদের জমি ফেরত চাই।
মামলার বিষয়ে আব্দুল হালিম টম মাস্টার বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। বর্তমান পরিস্থিতির বিরোধিতার কারণে আমার বিরুদ্ধে মামলাটি করানো হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, আব্দুল হালিমের বিরুদ্ধে মামলা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মামলার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগে এক ব্যক্তি মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।