জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আল আমিন খানকে সংগঠনের সকল পদ, পদবি ও সাংগঠনিক দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
১০ নভেম্বর ইস্যু করা এক অফিস আদেশের মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
সংগঠন সূত্রে জানা যায়, এর আগে আল আমিন খানকে কারণ দর্শানোর নোটিশ (স্মারক নং: জাশশ/কেন্দ্র/শোকজ/২০২৫-২০২৬/০৫) দেওয়া হয়েছিল। কিন্তু তার দাখিলকৃত লিখিত জবাব কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি কর্তৃক পর্যালোচনায় সন্তোষজনক বিবেচিত হয়নি।
পরবর্তীতে তাকে সাময়িক অব্যাহতি দিয়ে কেন স্থায়ী বহিষ্কারের চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে তিন দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
তার সার্বিক কর্মকাণ্ড, দাখিলকৃত জবাব এবং সাংগঠনিক শৃঙ্খলা সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনার পর কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করে।
পরবর্তীতে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির সুপারিশক্রমে এবং জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির ও সদস্য সচিব খাজা মোর্শেদের নির্দেশনায় তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
এই বহিষ্কারাদেশ কার্যকর হওয়ার পর থেকে আল আমিন খানের জাতীয় শ্রমিক শক্তির কোনো সাংগঠনিক পরিচয়, পদবি বা দায়িত্ব ব্যবহারের আর কোনো অধিকার থাকবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এছাড়া সংগঠনের নাম ও পরিচয় ব্যবহার করে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা থেকেও তাকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।