• আপডেট টাইম : 11/11/2026 12:38 AM
  • 18 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবর– এই চার মাসে অপ্রচলিত (নন-ট্রেডিশনাল) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৯.৩০ শতাংশ বেড়ে ২৩ কোটি ৭৩ লাখ মার্কিন ডলারে পৌঁছেছে। আগের অর্থবছরের একই সময়ে এই রপ্তানির পরিমাণ ছিল ২১ কোটি ৭০ লাখ ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সাম্প্রতিক তথ্যে এ চিত্র উঠে এসেছে।

অপ্রচলিত বাজারগুলোর মধ্যে তুরস্কের বাজারে বড় প্রবৃদ্ধি হয়েছে।

দেশটির এই প্রবৃদ্ধি অপ্রচলিত বাজারের সামগ্রিক প্রবৃদ্ধিতে মূল ভূমিকা রেখেছে। জুলাই-অক্টোবর– এই চার মাসে দেশটিতে পোশাক রপ্তানি ১০৭.০৫ শতাংশ বেড়ে ২০ কোটি ৬৫ লাখ ডলারে পৌঁছেছে, যা আগের বছর ছিল ৯ কোটি ৯৭ লাখ ডলার।
এই চার মাসে অপ্রচলিত বাজারে মোট পোশাক রপ্তানি বেড়েছে ২০ কোটি ১৮ লাখ ডলার, যার মধ্যে ১০ কোটি ৬৮ লাখ ডলারই এসেছে তুরস্ক থেকে। অর্থাৎ, মোট বৃদ্ধির প্রায় ৫৩ শতাংশই তুরস্কের একক অবদান।

অপ্রচলিত বাজারে দেশটির অংশীদারত্ব ৪.৬০ শতাংশ থেকে বেড়ে ৮.৭১ শতাংশে দাঁড়িয়েছে। তুরস্কের প্রবৃদ্ধি বাদ দিলে অপ্রচলিত বাজারে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পেত মাত্র ৪.৬ শতাংশ।

শীর্ষ বাজারের চিত্র: অপ্রচলিত বাজারগুলোর মধ্যে এখনো শীর্ষে রয়েছে জাপান। জুলাই-অক্টোবর মেয়াদে জাপানে রপ্তানি ২.৪০ শতাংশ বেড়ে ৪৩ কোটি ৭৩ লাখ ডলারে পৌঁছেছে, যা অপ্রচলিত বাজারের মোট রপ্তানির ১৮.৪৪ শতাংশ।

অন্যান্য দেশের মধ্যে অস্ট্রেলিয়ার রপ্তানি ৩.০১ শতাংশ বেড়ে ২৬ কোটি ৪০ লাখ ডলারে দাঁড়িয়েছে।

দক্ষিণ কোরিয়ায় রপ্তানি ৫.৮২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৫ কোটি ১৩ লাখ ডলারে উন্নীত হয়েছে। অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতে রপ্তানি কমেছে। দেশটিতে রপ্তানি ৫.৩৮ শতাংশ কমে ২৫ কোটি ৯ লাখ ডলারে নেমেছে।

শীর্ষ পাঁচ দেশের বাইরে অন্যান্য অপ্রচলিত বাজারে রপ্তানি ৮.৪৮ শতাংশ বেড়ে ১০৬ কোটি ডলারে পৌঁছেছে, যা মোট অপ্রচলিত রপ্তানির ৪৪.৭৬ শতাংশ।

একক মাস হিসেবে অক্টোবর মাসে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি ৮.৯৯ শতাংশ বেড়ে ৫৫ কোটি ৯৭ লাখ ডলারে পৌঁছেছে।

অক্টোবরে তুরস্কে রপ্তানি ৭৫.৯৬ শতাংশ বেড়ে ৫ কোটি ৯৮ লাখ ডলারে দাঁড়িয়েছে। ফলে মাসটিতে জাপানের পরেই দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি গন্তব্য ছিল তুরস্ক।

অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় রপ্তানি ১১.৩২ শতাংশ বেড়ে ৫ কোটি ৫০ লাখ ডলার হলেও ভারতে ৫.৪১ শতাংশ কমে ৪ কোটি ৫৯ লাখ ডলার এবং দক্ষিণ কোরিয়ায় ৪.৬০ শতাংশ কমে ৩ কোটি ৪ লাখ ডলারে দাঁড়িয়েছে।

তৈরি পোশাক রপ্তানির আয় বৃদ্ধিতে প্রচলিত বড় বাজারগুলোর পাশাপাশি তুলনামূলক ছোট অপ্রচলিত বাজারগুলোতে নজর দেওয়া বেশি প্রয়োজন হয়ে পড়েছে। এটি করা সম্ভব হলে রপ্তানি আরও বৃদ্ধি করা সম্ভব। পাঁচটি দেশে এমন সম্ভাবনা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে প্রচলিত বাজারগুলোর তুলনায় অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির প্রবৃদ্ধি বেশ ইতিবাচক ও সন্তোষজনক।

মহিউদ্দিন রুবেল বলেন, ‘দীর্ঘদিন ধরে অপ্রচলিত বাজারে আমাদের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি ছিল না। যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ ও যুক্তরাজ্যনির্ভর প্রচলিত বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতা আমাদের জন্য একটি বড় ঝুঁকি ও চ্যালেঞ্জ ছিল।’

তিনি উল্লেখ করেন, রপ্তানির ঝুঁকি কমাতে এবং বৈচিত্র্য আনতে অপ্রচলিত বাজারে মনোযোগ দেওয়ার কোনো বিকল্প নেই। বিশেষ করে কটন ও নন-কটন বা কৃত্রিম ফাইবারের পণ্যে বৈচিত্র্য এনে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নতুন বাজারে প্রবেশ বাড়ানো জরুরি।

জাপানের বাজারের উদাহরণ টেনে বিজিএমইএর সাবেক এই পরিচালক বলেন, ‘জাপানে বাংলাদেশের একটা শক্ত অবস্থান থাকলেও দেশটির পোশাকের বাজার বিশাল। আমরা এখনো সেখানে খুব বড় শেয়ার দখল করতে পারিনি, যদিও আমাদের প্রবৃদ্ধি ভালো। অন্যদিকে ভিয়েতনাম ও চীনের মতো প্রতিযোগী দেশগুলো জাপানের বাজারে আমাদের চেয়ে অনেক ভালো করছে।’

জাপান ছাড়াও মেক্সিকো, ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশ এবং সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাকের বাজারে ইতিবাচক প্রবৃদ্ধির সম্ভাবনা দেখছেন তিনি।

অপ্রচলিত বাজারের সুবিধা তুলে ধরে মহিউদ্দিন রুবেল বলেন, এসব বাজারে যোগাযোগব্যবস্থা তুলনামূলক সহজ, ভৌগোলিক দূরত্ব কম, পেমেন্ট ব্যবস্থা সুরক্ষিত এবং বৈচিত্র্যময় প্রোডাক্ট ক্যাটাগরি নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। সার্বিক পণ্য ব্যবস্থাপনা ও মিক্স-অ্যান্ড-ম্যাচ কৌশলের জন্য অপ্রচলিত বাজার বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য একটি বড় সুযোগ, যা বাস্তবায়নে পোশাক প্রস্তুতকারকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...