• আপডেট টাইম : 03/10/2026 09:21 PM
  • 5 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com
 সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাসে সারাদেশে ৬৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় চারজন নিহত এবং অন্তত ৫২৭ জন আহত হয়েছেন।
 
৩ অক্টোবর শনিবার মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’ (এইচআরএসএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
 
দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং সংস্থাটির নিজস্ব তথ্যানুসন্ধানের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করা হয়। 
 
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ৬৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন ৪ জন এবং আহত হয়েছেন ৫২৭ জন।
 
আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে রাজনৈতিক সহিংসতা ও হতাহতের সংখ্যা কিছুটা কমেছে। গত আগস্ট মাসে ৭০টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৭ জন নিহত এবং ৫৩৬ জন আহত হয়েছেন।
 
প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর মাসে সহিংসতার অন্তত ৬৮টি ঘটনার মধ্যে বিএনপির অন্তর্কোন্দলে ৩৫টি ঘটনায় অন্তত ৩৪০ জন আহত ও একজন নিহত হয়েছেন। বিএনপি-জামায়াতের মধ্যে ৭টি সংঘর্ষে ৬১ জন আহত, বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ৬টি সংঘর্ষে ৪২ জন আহত ও একজন নিহত এবং জামায়াত-আওয়ামী লীগের মধ্যে ২টি সংঘর্ষের ঘটনায় ৩ জন আহত ও একজন নিহত হয়েছেন।
 
এ ছাড়া বিএনপি-এনসিপির মধ্যে ৩টি সংঘর্ষে ১৬ জন এবং বিএনপি-অন্যান্য দলের মধ্যে ৭টি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। বিভিন্ন দলের মধ্যে ৭টি ঘটনায় ৫০ জন আহত ও একজন নিহত হয়েছেন। নিহত ৪ জনের মধ্যে আওয়ামী লীগের ২ জন, বিএনপির একজন এবং জামায়াতের একজন রয়েছেন।
 
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখেও প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের মধ্যে সহিংসতা ও হামলার ঘটনা ঘটেছে। সেপ্টেম্বর মাসে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ২টি ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
 
এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়েছে, আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ ও হামলা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, দলীয় কোন্দল ও অন্তর্কোন্দল এবং চাদাবাজিকে কেন্দ্র করে অধিকাংশ সহিংসতার ঘটনা ঘটেছে। পাশাপাশি রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর পৃথক হামলা, গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এবং দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
 
এ ছাড়া দুষ্কৃতকারীদের দ্বারা রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের ওপর হামলার অন্তত ১২টি ঘটনায় ৫ জন আহত ও ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিএনপির ৫ জন, জামায়াতের একজন ও একজন চরমপন্থী রয়েছেন। এ ছাড়া অন্তত ১৫ জন রাজনৈতিক নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সারাদেশে আধিপত্য বিস্তার, দখলদারিত্ব, রাজনৈতিক সহিংসতা ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ২৩টি ঘটনায় অন্তত ৬৩টি বাড়িঘর, ব্যাবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে সংঘর্ষ, হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...