• আপডেট টাইম : 09/08/2026 11:07 PM
  • 9 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৪তম পরিচালনা পর্ষদ সভায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত ২ হাজার ১৯৯ জন শ্রমিক ও তাঁদের পরিবারের জন্য ১২ কোটি ৯৮ লাখ ৬৫ হাজার টাকা আর্থিক অনুদান অনুমোদন করা হয়েছে। পাশাপশি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৮ কোটি ৫০ লাখ ১০ হাজার টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।
 
৯ আগস্ট রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের ৩৪তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
 
 
সভায় মন্ত্রী বলেন, শ্রমিক সমাজের কল্যাণ নিশ্চিত করা, দুর্যোগ ও দুর্দিনে তাঁদের পাশে দাঁড়ানো এবং সামাজিক নিরাপত্তাবলয় জোরদার করা সরকারের অন্যতম অগ্রাধিকার। দেশের অর্থনীতিকে গতিশীল রাখা ও উৎপাদনব্যবস্থা সচল রাখতে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উভয় খাতের শ্রমজীবী মানুষ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
 
তিনি বলেন, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর ভর করেই দেশের উন্নয়নযাত্রা ত্বরান্বিত হচ্ছে। কোনো শ্রমজীবী মানুষ যেন বিপদে নিজেকে নিঃসঙ্গ মনে না করেন, সেটিই সরকারের লক্ষ্য।
 
শ্রমিকদের অধিকার ও জীবনের নিরাপত্তা রক্ষায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন প্রতিশ্রুতিবদ্ধ।
মন্ত্রী আরও বলেন, সরকারি কর্মকর্তা, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগে একটি সুষম, কর্মবান্ধব ও শোষণমুক্ত শ্রমনীতি ও পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।
 
সভায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে ২ হাজার ১৯৯ জন শ্রমিক ও তাঁদের পরিবারের জন্য মোট ১২ কোটি ৯৮ লাখ ৬৫ হাজার টাকার আর্থিক অনুদান অনুমোদন করা হয়। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৮ কোটি ৫০ লাখ ১০ হাজার টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়।
 
সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...