• আপডেট টাইম : 30/07/2026 11:44 PM
  • 1 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com
কুমিল্লার চৌদ্দগ্রামে মূল বেতন বাড়ানোসহ সাত দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন অবরোধ করে বিক্ষোভ করেছেন জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরির শ্রমিকরা। 
 
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিক্ষোভে একাধিকবার ফ্যাক্টরির মূল ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা।
 
এসময় ইট মেরে ফ্যাক্টরির গ্লাসও ভাঙা হয়। টানা তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ শেষে ইউএনওর আশ্বাসে মহাসড়কের অবরোধ তুলে নেন শ্রমিকরা।
 
‎আন্দোলনরত শ্রমিকরা জানান, ২০২৪ সালে শ্রমিকদের আন্দোলন শেষে দাবি মানার আশ্বাস দিলে তারা কাজে যোগ দেন। কিন্তু সেই দাবিগুলোর অধিকাংশই মানা হয়নি।
 
এরই পরিপ্রেক্ষিতে গত ২৭ জুলাই কাজ বন্ধ করে বেতন ভাতা বৃদ্ধি, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, আলাদা নামাজের স্থানের ব্যবস্থা করাসহ সাত দফা দাবিতে আন্দোলনে নামেন তারা।
ফ্যাক্টরির মালিক গোলাম মোস্তফা জানান, শ্রমিকদের চলমান দাবিগুলোর মধ্যে অধিকাংশই সর্বশেষ ২০২৪ সালের আন্দোলন পরবর্তী সময়ে মানা হয়েছে।
 
গত সোমবার থেকে শ্রমিকরা আন্দোলনে নামেন। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিএনপি-জামায়াতের নেতাদের উপস্থিতিতে শ্রমিকদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে দাবি মানার আশ্বাসে শ্রমিক প্রতিনিধিরা মিটিং ত্যাগ করেন এবং কাজে যোগদানের সিদ্ধান্ত নেন। কিন্তু শ্রমিকদের ছোট্ট একটা অংশ আবার বিশৃঙ্খলা শুরু করে। 
তিনি আরও জানান, বর্তমানে বেতন বাড়ানোর দাবি মানা তার পক্ষে সম্ভব হবে না। প্রয়োজনে তিনি ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন।
 
‎চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, শ্রমিকরা সাময়িক সময়ের জন্য রাস্তা অবরোধ করেন। ঘটনাস্থলে গিয়ে তাদের আশ্বস্ত করলে মহাসড়কের অবরোধ তুলে নেন তারা। শ্রমিকদের আন্দোলনের বিষয়টি দ্রুততর সময়ে সমাধানের চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...