• আপডেট টাইম : 15/05/2026 06:31 PM
  • 83 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com

 

আওয়াজ প্রতিবেদক
ঈদের অন্তত সাত দিন আগে সব হালকা যানবাহন চালকের মে মাসের পূর্ণ মজুরি, ঈদ বোনাস ও বকেয়া পরিশোধ এবং অবিলম্বে মজুরি বোর্ড পুনর্গঠন করে প্রাইভেট কার-মাইক্রোবাস চালকসহ সব গাড়ি চালকের ন্যূনতম মাসিক মজুরি ৩৫ হাজার টাকা নির্ধারণের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা ট্যাক্সি, ট্যাক্সি কার, অটোটেম্পু ও অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন।

১৫ মে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ভিডিও মামলা ও নো-পার্কিং মামলা বাছবিচারহীনভাবে গাড়িচালকদের বিরুদ্ধে দায়েরের প্রতিবাদ জানানো হয়।

সংগঠনের সহ-সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আহাসান হাবিব বুলবুল, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক জিল্লুর রহমান সবুজ, কলাগান উপকমিটির সভাপতি আকাশ আহমেদ, উত্তরা উপকমিটির মহসিন ও শাহবাগ উপকমিটির জুয়েল প্রমুখ।

সমাবেশে নেতারা বলেন, দেশের অর্থনীতির ‘লাইফ লাইন’ হলো পরিবহন খাত। অথচ এ খাতের গুরুত্বপূর্ণ অংশ প্রাইভেট গাড়িচালকরা ন্যায্য মজুরি ও বোনাস থেকে বঞ্চিত হচ্ছেন। তারা অভিযোগ করেন, সারা বছর কাজ করানোর পর ঈদের আগে অনেক মালিক কোনো ধরনের পূর্ব নোটিশ বা ক্ষতিপূরণ ছাড়াই চালকদের চাকরিচ্যুত করেন। বিভিন্ন অজুহাতে চালকদের মজুরি আত্মসাতের চেষ্টাও করা হয়।

নেতারা আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র পরিচালনায় পরিবর্তনের যে প্রত্যাশা শ্রমিকরা করেছিলেন, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। আগের মতোই প্রভাবশালী মহলের পরিচয়ে কিছু ব্যক্তি মালিকদের পক্ষ নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালাচ্ছে এবং পুলিশ প্রশাসন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, সংশোধিত শ্রম আইন অনুযায়ী প্রতি তিন বছর পরপর মজুরি পুনর্নির্ধারণের কথা থাকলেও সড়ক পরিবহন খাতে পাঁচ বছরের বেশি সময় ধরে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়নি। তাই অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় গাড়িচালকদের ন্যূনতম মাসিক মজুরি ৩৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

সমাবেশে নেতারা বলেন, শুধু মামলা ও ভয়ভীতি দেখিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব নয়। গাড়িচালকদের কর্মঘণ্টা কমানো, দক্ষতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ নিতে হবে। চালকরা মানসিক চাপমুক্তভাবে দায়িত্ব পালন করতে পারলে যাত্রী নিরাপত্তাও বাড়বে বলে তারা মন্তব্য করেন।

ভিডিও বা এআইভিত্তিক মামলা কার্যক্রম চালুর আগে সড়কসংশ্লিষ্ট সব পক্ষ—পুলিশ, পথচারী ও যাত্রীদের মধ্যে সচেতনতা তৈরিরও দাবি জানান বক্তারা। অন্যথায় অন্যদের অসচেতনতার দায় অন্যায়ভাবে চালকদের ওপর চাপানো হচ্ছে, যা তাদের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা সৃষ্টি করছে বলে সমাবেশে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...