• আপডেট টাইম : 24/04/2026 08:40 AM
  • 65 বার পঠিত
  • মোশরেফা মিশু
  • sramikawaz.com


২৪ এপ্রিল—বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কিত দিন। সাভারের রানা প্লাজা ধসের মধ্য দিয়ে আমরা প্রত্যক্ষ করেছি আধুনিক বিশ্বের অন্যতম ভয়াবহ এক শিল্প ট্র্যাজেডি। আজ সেই ঘটনার ১৩ বছর পূর্ণ হলো। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, এক যুগেরও বেশি সময় পার হয়ে গেলেও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জীবনে আজও কোনো প্রকৃত পরিবর্তন আসেনি।

রানা প্লাজা ধসে সরকারি হিসেবে ১১৩৮ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন প্রায় আড়াই হাজার। ট্র্যাজেডির ১৩তম বছরে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি, যেসব শ্রমিক নিহত হয়েছেন বা যারা নিখোঁজ হয়েছেন, তাদের পরিবারের কোনো খোঁজখবর নেওয়ার দায় কেউ গ্রহণ করেনি। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল ঠিকই, কিন্তু সেই কমিটির পক্ষ থেকে আজ পর্যন্ত নিখোঁজ বা নিহত শ্রমিকদের পরিবারের জীবনযাপনের খবর নেওয়ার কোনো উদ্যোগ দেখা যায়নি। মালিকপক্ষ কিংবা সরকার—উভয় পক্ষই এই পরিবারগুলোর প্রতি চরম উদাসীনতা প্রদর্শন করেছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে শারীরিক অক্ষম ব্যক্তিদের জন্য অনেক ধরনের সুযোগ-সুবিধা এবং কাজের সুযোগ থাকলেও রানা প্লাজায় পঙ্গুত্ব বরণকারী শ্রমিকদের জন্য কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের জন্য কোনো দীর্ঘস্থায়ী বা স্থায়ী চিকিৎসার ব্যবস্থা করা হলে হয়তো অনেকে আজও সুস্থভাবে জীবন অতিবাহিত করতে পারতেন। ১৩ বছরেও তাদের পুনর্বাসনের কোনো সরকারি বা বেসরকারি কাঠামো তৈরি না হওয়া একটি রাষ্ট্রের জন্য লজ্জাজনক।

রানা প্লাজার ঘটনার পর বিদেশি কিছু ব্র্যান্ড কিছু আর্থিক সহায়তা বা অনুদান প্রদান করেছে। কিন্তু আইনিভাবে 'ক্ষতিপূরণ' এবং 'অনুদান' এক জিনিস নয়। দেশের শ্রম আইন অনুযায়ী, শ্রমিকের কোনো দুর্ঘটনা বা প্রাণহানির জন্য নিয়োগকর্তার পক্ষ থেকে বাধ্যতামূলক ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম আছে। অথচ বাংলাদেশের গার্মেন্টস মালিকরা বা প্রকৃত নিয়োগকর্তারা সেই ক্ষতিপূরণের দায়িত্ব কাঁধে তুলে নেননি। অনুদানকে ক্ষতিপূরণ হিসেবে চালিয়ে দেওয়ার যে অপচেষ্টা হয়েছে, তা আসলে শ্রমিকদের প্রতি এক ধরনের প্রতারণা।

রানা প্লাজা এবং তাজরীন ফ্যাশনের অগ্নিকাণ্ডের পর বিশ্বব্যাপী বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কর্মপরিবেশ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। একসময় মনে করা হয়েছিল, হয়তো অবস্থার আমূল পরিবর্তন হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। আজও কারখানাগুলোতে শ্রমিকদের সাথে মালিকপক্ষের চরম দুর্ব্যবহার লেগেই আছে। শুধু কারখানার ভেতরেই নয়, বাইরেও শ্রমিকরা নিরাপত্তাহীন। অনেক ক্ষেত্রে সন্ত্রাসীদের হাতে শ্রমিকদের অর্জিত বেতন ছিনতাই হওয়ার ঘটনা নিত্যদিনের খবর হয়ে দাঁড়িয়েছে। সারা পৃথিবীর মানুষ যখন এই ট্র্যাজেডির পর সহানুভূতি প্রকাশ করেছিল, আজ ১৩ বছর পর মনে হচ্ছে সবাই সেই মর্মান্তিক স্মৃতি ভুলে গেছে।
২৪-এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের না-পাওয়া

২০২৪ সালের সাম্প্রতিক গণঅভ্যুত্থানেও আমরা দেখেছি শ্রমজীবী মানুষের অসামান্য আত্মত্যাগ। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, এই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন এদেশের শ্রমজীবী মানুষ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী সমাজ গড়ার কথা বলা হলেও শ্রমিকের জীবনের বৈষম্য এক চুলও কমেনি। তাদের ওপর শোষণ ও নিপীড়ন আগের মতোই বহাল রয়েছে।

রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচে শ্রমিকের স্বপ্ন চাপা পড়ার ১৩ বছর পরও আমাদের প্রশ্ন—শ্রমিকের জীবনের কি কোনো মূল্য নেই? মালিকদের মুনাফা বাড়ছে, দেশের জিডিপি বাড়ছে, কিন্তু যারা এই উন্নয়নের চাকা সচল রাখছেন, সেই শ্রমিকরা আজও কেন অবহেলিত? শ্রমিকের প্রতি এই অবহেলা এবং বৈষম্য দূর করতে না পারলে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠন করা কখনোই সম্ভব নয়। রানা প্লাজা ট্র্যাজেডির বিচার এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলতেই থাকবে।

মোশরেফা মিশু, সভাপতি, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...