• আপডেট টাইম : 01/05/2026 09:51 AM
  • 104 বার পঠিত
  • রাজেকুজ্জামান রতন
  • sramikawaz.com

ঐতিহাসিক মে দিবসের মূল ঘোষণা ছিল আট ঘণ্টা কর্মদিবস এবং এর অন্তর্নিহিত আকাঙ্ক্ষা ছিল ন্যায্য মজুরি। আট ঘণ্টা কাজের মধ্য দিয়ে প্রাপ্ত মজুরিতে শ্রমিকের কেবল নিজের জীবন নয়, বরং তার সন্তান-সন্ততির জীবনও যাতে বিকশিত হয়—সেটাই ছিল এই আন্দোলনের মূল লক্ষ্য। একজন মানুষ হিসেবে মানবাধিকার এবং একজন শ্রমজীবী হিসেবে কাজ ও মজুরির অধিকার নিশ্চিত করার এই সংগ্রামই পুঞ্জীভূত হয়েছিল ‘আট ঘণ্টা কর্মদিবস চাই’ স্লোগানের মধ্য দিয়ে। ১৮৮৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ১৪০ বছরের পথযাত্রায় শ্রমিক শ্রেণির এই দাবি ও আকাঙ্ক্ষাগুলোর যৌক্তিকতা বারবার প্রমাণিত হলেও, এর ন্যায্যতা আজও প্রতিপন্ন হয়নি।

শ্রমিকের দাবির যৌক্তিকতা আজ প্রতিষ্ঠিত, কারণ তাদের শ্রম ছাড়া দেশের জিডিপি বা মাথাপিছু আয়—কোনোটিই বাড়ত না। কিন্তু পরিতাপের বিষয় হলো, দেশের অর্থনীতি বিকশিত হলেও শ্রমিকদের ন্যায্য মজুরির আকাঙ্ক্ষাটি আজও অপূর্ণ। বাংলাদেশে চারশতাধিক ধরনের কাজ রয়েছে, যার বিপরীতে সরকারের মজুরি বোর্ড আছে ৫৭টি। বিস্ময়কর ব্যাপার হলো, এই ৫৭টি মজুরি বোর্ডের মধ্যে প্রায় ৪০টি বোর্ড বিগত ৫ বছরের বেশি সময় ধরে কোনো মজুরি নির্ধারণ করেনি। আর যাদের জন্য মজুরি নির্ধারণ করা হয়, তা কোনোভাবেই জীবনযাপনের উপযোগী নয়; তা কেবলই বেঁচে থাকার মতো এক যৎসামান্য অর্থ। ‘শ্রমিক যেন মরে না যায় এবং পরদিন কোনোমতে কাজে ফিরতে পারে’—মজুরি নির্ধারণের ক্ষেত্রে এটাই যেন আজ মালিকপক্ষের অলিখিত মানদণ্ডে পরিণত হয়েছে।

শ্রমিকরা চেয়েছিল আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিশ্রাম এবং জীবন বিকাশের জন্য আট ঘণ্টা বিনোদন। তাদের আকাঙ্ক্ষা ছিল, সামর্থ্য থাকতে তারা কাজ করবেন এবং সামর্থ্য ফুরিয়ে গেলে জীবনের বাকি সময়টুকু নিশ্চিন্ত অবসরে কাটাবেন। শ্রমিকদের এই আকাঙ্ক্ষার সাথে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনার এক নিবিড় সাদৃশ্য রয়েছে। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার—এগুলোই ছিল আমাদের স্বাধীনতার মূল ভিত্তি। কিন্তু সমাজে যদি অসাম্য বিরাজ করে, তবে স্বাধীনতার চেতনা বাস্তবায়িত হয় না। শ্রমিকের হয়রানি চললে সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হয় না। একইভাবে, জীবনযাপনের উপযোগী মানসম্মত মজুরি না পেলে শ্রমিকের মানবিক মর্যাদাও ভূলুণ্ঠিত হয়।

দুঃখজনক হলেও সত্য, মে দিবসের আকাঙ্ক্ষা এবং আমাদের স্বাধীনতার চেতনা—উভয়ই আজ মালিকশ্রেণির লাভ ও লোভের লালসায় পিষ্ট। কর্মক্ষেত্রে নিরাপত্তার প্রশ্নটি আজ চরম হুমকির মুখে। তাজরীন গার্মেন্টস থেকে শুরু করে কেরানীগঞ্জের গ্যাসলাইটার কারখানায় বিস্ফোরণ—একের পর এক যেসব ঘটনা ঘটছে, সেগুলো নিছক দুর্ঘটনা নয়, বরং ‘কাঠামোগত হত্যাকাণ্ড’। এসব ক্ষেত্রে ক্ষতিপূরণের হার এতটাই নগণ্য যে, একে ক্ষতিপূরণ না বলে শ্রমিকের জীবনের সাথে নির্মম উপহাস বলাই শ্রেয়। সরকারি হিসাবমতে দেশে যেখানে মাথাপিছু আয় ২ হাজার ৮৪০ ডলার বা ৩ লক্ষ ৪৬ হাজার টাকা, সেখানে কর্মক্ষেত্রে নিহত একজন শ্রমিকের জীবনের মূল্য নির্ধারণ করা হয় মাত্র ২ লক্ষ টাকা। অর্থাৎ, দেশের এক বছরের মাথাপিছু আয়ের চেয়েও একজন শ্রমিকের জীবনের দাম কম। পাশাপাশি এসব দুর্ঘটনায় নিহতদের মধ্যে নারী ও শিশুদের বড় উপস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে, কাগজে-কলমে শিশুশ্রম বন্ধের কথা বলা হলেও বাস্তবে কারখানার বদ্ধ প্রকোষ্ঠে শিশুরা ঠিকই অমানবিক শ্রমে যুক্ত আছে।

বর্তমানে আমাদের দেশে ৭ কোটি ৬৫ লক্ষ শ্রমজীবী মানুষ রয়েছেন। কিন্তু তাদের মধ্যে মাত্র ৫ শতাংশ ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন। বিপুল সংখ্যাগরিষ্ঠ শ্রমিক আজও ট্রেড ইউনিয়নের অধিকার থেকে বঞ্চিত। দেশের মোট শ্রমশক্তির ৮৫ শতাংশই অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক। ‘কাজ নাই তো মজুরি নাই’—এই নির্মম বাস্তবতায় তাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। ফলে, বাংলাদেশ যখন উন্নয়নের জোয়ারে ভাসার দাবি করছে, তখন আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি—এই উন্নয়ন মূলত শ্রমিকের রক্ত ও ঘামে গড়া, অথচ এই উন্নয়নের সুফল ও অংশীদারিত্ব থেকে শ্রমিকরাই সবচেয়ে বেশি বঞ্চিত।

বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে শিকাগো শহরে যে প্রতিরোধের আগুন জ্বলে উঠেছিল, তার ঢেউ ছড়িয়ে পড়েছিল পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তে, আছড়ে পড়েছিল বাংলাদেশেও। বাংলাদেশে মে দিবসের ছুটি ঠিকই পালিত হয়, কিন্তু মে দিবসের ঘোষিত দাবি পূরণের দায়ভার আজ পর্যন্ত কোনো সরকার গ্রহণ করেনি। তারা মে দিবসকে কেবল একটি ছুটির দিনেই সীমাবদ্ধ রেখেছে, শ্রমিকের প্রতি রাষ্ট্রের দায়িত্ব হিসেবে তাকে পর্যবসিত করেনি।

ফলে, প্রতিবারের মতো এবারও মে দিবস আমাদের সামনে হাজির হয়েছে শ্রমিকের কাজ, ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, কর্ম-অবসানে পেনশন, আবাসন এবং রেশনিংয়ের দাবি নিয়ে। এর সাথে অপরিহার্যভাবে যুক্ত হয়েছে ট্রেড ইউনিয়নের অধিকার এবং গণতান্ত্রিক শ্রম আইনের প্রশ্ন। সর্বোপরি, মে দিবস আমাদের এই অমোঘ সত্যটিই নতুন করে স্মরণ করিয়ে দেয় যে—শ্রমিকের অধিকার নিশ্চিত না হলে মানবাধিকার প্রতিষ্ঠিত হয় না; আর শ্রমিকের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত না হলে দেশের গণতন্ত্রও কখনোই স্থায়ী রূপ লাভ করতে পারে না। (শ্রুতি লিখন)

রাজেকুজ্জামান রতন: সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...