• আপডেট টাইম : 01/05/2026 08:40 AM
  • 79 বার পঠিত
  • আব্দুল মালেক
  • sramikawaz.com


মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমিকের অধিকার আদায়ের এক ঐতিহাসিক স্মারক। ১৮৮৬ সালের শিকাগো আন্দোলনের মূল দাবি ছিল দৈনিক আট ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণ। অন্তর্অতিক শ্রমিক সংস্থা (আইএলও) কনভেনশন এবং বাংলাদেশের শ্রম আইনেও এই আট ঘণ্টার শ্রম ও শ্রমিকের নিরাপত্তার কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। তবে আমাদের দেশের বাস্তব চিত্র ভিন্ন, বিশেষ করে ট্যানারি বা চামড়া শিল্পে শ্রমিকদের অধিকার যেন কেবল কাগজ-কলমেই সীমাবদ্ধ।

সম্প্রতি এক দল শ্রমিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলাপকালে উঠে এসেছে এই শিল্পের করুণ চিত্র। তাদের ভাষায়, অনেক কারখানায় মালিকরা শ্রমিকদের এখনো ১২ ঘণ্টা ডিউটি করতে বাধ্য করছেন। এমনকি কোনো কোনো ক্ষেত্রে এই সময় ২০ ঘণ্টা পর্যন্ত গড়ায়। অথচ অতিরিক্ত এই শ্রমের জন্য শ্রমিকরা কাঙ্ক্ষিত 'ওভারটাইম' বা অতিরিক্ত পারিশ্রমিক পান না। অনেক ক্ষেত্রে চুক্তিভিত্তিক কাজের দোহাই দিয়ে সাপ্তাহিক ছুটি (শুক্রবার) এবং উৎসবের ছুটি থেকেও তাদের বঞ্চিত করা হয়।

ট্যানারি শ্রমিকদের জন্য ২০২৪ সালে একটি মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছিল। অভিযোগ রয়েছে, শ্রম মন্ত্রণালয় মালিকপক্ষের আপত্তির মুখে সেই মজুরি কমিয়ে সংশোধন করেছে। শ্রমিকদের মতে, এই সংশোধিত মজুরিও অনেক মালিক এখনো বাস্তবায়ন করেননি।

শ্রমিকদের কর্মসংস্থানের নিরাপত্তার বিষয়টিও এখানে চরমভাবে উপেক্ষিত। বেশির ভাগ শ্রমিকের কাছে কোনো নিয়োগপত্র, আইডি কার্ড বা হাজিরা কার্ড নেই। ফলে যেকোনো সময় তাদের ছাঁটাই করা হলে তারা আইনি ব্যবস্থা নিতেও হিমশিম খান। শ্রমিক নেতারা আক্ষেপ করে বলেন, "নিয়োগ না থাকলে তো তাকে শ্রমিক হিসেবেই গণ্য করা হয় না। ছাঁটাই করার পর আইনি আশ্রয় নিতে গেলে মালিক পক্ষ সরাসরি অস্বীকার করে বলে যে, সে আমাদের শ্রমিকই ছিল না।"

আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতাও শ্রমিকদের জন্য বড় এক বাধা। শ্রম আইনে যেকোনো বিরোধ ৯০ দিন বা সর্বোচ্চ ৬ মাসের মধ্যে নিষ্পত্তির কথা থাকলেও ট্যানারি শ্রমিকদের ক্ষেত্রে অনেক মামলা ৫ বছরেও শেষ হয় না। এছাড়া কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের তদারকির অভাব এবং দেশের আইনসভায় মালিকপক্ষের ব্যাপক প্রভাব থাকায় শ্রমিকদের ন্যায্য পাওনা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।

গণমাধ্যমের ভূমিকা নিয়ে এক শ্রমিক নেতার আক্ষেপ, "পত্র-পত্রিকায় শ্রমিকদের কথা লেখা হয় না, কেবল মালিকদের কথাই ফুটে ওঠে।"

শিশুদের শ্রম থেকে শুরু করে নিরাপত্তা সরঞ্জামহীন কাজের পরিবেশ—সব মিলিয়ে ট্যানারি শিল্পে শ্রমিক অধিকার আজ চরম সংকটের মুখে।
শিকাগোর সেই আট ঘণ্টা শ্রমের দাবি যেখানে সারা বিশ্বে স্বীকৃত, সেখানে আমাদের ট্যানারি শ্রমিকদের আজও লড়াই করতে হচ্ছে ন্যূনতম মানবিক অধিকার আর নিয়োগপত্রের জন্য। এই পরিস্থিতির উত্তরণে সরকারের কঠোর নজরদারি এবং শ্রম আইনের যথাযথ প্রয়োগই এখন সময়ের দাবি।

আব্দুল মালেক: সাধারণ সম্পাদক, ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...