• আপডেট টাইম : 22/04/2026 07:20 PM
  • 174 বার পঠিত
  • -কাজী রুহুল আমিন
  • sramikawaz.com

রানা প্লাজা ধসের ১৩ বছর পূর্ণ হতে চললেও দেশের গার্মেন্টস শ্রমিকদের জীবনের নিরাপত্তা এবং টেকসই পুনর্বাসন নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন। তিনি বলেন, এখনো শ্রমিকদের ‘দাস যুগের’ মতো মানবেতর পরিবেশে কাজ করতে হচ্ছে এবং কারখানাগুলো শ্রমিকের জন্য ‘কারাগার’ হয়ে দাঁড়িয়েছে।


রানা প্লাজা ধ্বসের ১৩ বছর উপলক্ষে শ্রমিক আওয়াজের সঙ্গে এক মন্তব্যে তিনি এই ক্ষোভ ও দাবি জানান।


ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি
কাজী রুহুল আমিন বলেন, দেশের ৮৬ শতাংশ বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই শিল্প খাতে রানা প্লাজা, তাজরীন ফ্যাশন, স্পেকট্রাম ও কেটিএস-সহ অসংখ্য দুর্ঘটনায় হাজার হাজার শ্রমিক প্রাণ হারিয়েছেন। অনেক শ্রমিক স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেছেন। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি যে, আইএলও কনভেনশন ১২১ অনুসারে একজন শ্রমিক তার ভবিষ্যৎ জীবনে যা আয় করতে পারতেন, সেই আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে স্থায়ীভাবে অক্ষম শ্রমিকদের পুনর্বাসন এবং তাদের আজীবন চিকিৎসার দায়িত্ব রাষ্ট্র ও মালিকপক্ষকে নিতে হবে।


নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি
বিবৃতিতে তিনি অভিযোগ করেন, বর্তমান ও অতীতের কোনো সরকারই শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো আমলে নেয়নি। রানা প্লাজা পরবর্তী সময়ে আন্তর্জাতিক চাপে ‘অ্যাকর্ড’ এবং ‘অ্যালায়েন্স’ গঠিত হওয়ায় ভবন ও বৈদ্যুতিক নিরাপত্তায় কিছুটা উন্নতি হলেও সামগ্রিক পেশাগত নিরাপত্তা নিশ্চিত হয়নি।
তিনি বলেন, “আইএলও কনভেনশন ১৫৫ ও ১৮৭ এবং দেশীয় শ্রম আইন অনুযায়ী যে পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার কথা ছিল, তা এখনো অধরা। ফলে শ্রমিকরা এখনো কারখানায় অকালে প্রাণ হারাচ্ছেন।”


মানবেতর জীবনযাপন ও দাসত্ব
শ্রমিকদের বর্তমান জীবনমানকে ‘দাস যুগের’ সাথে তুলনা করে এই শ্রমিক নেতা বলেন, বর্তমানে শ্রমিকদের জন্য জীবনধারণ উপযোগী মজুরি নেই, নেই খাদ্য ও সামাজিক নিরাপত্তা। চাকরির শেষে নেই কোনো পেনশনের ব্যবস্থা। নামমাত্র বেতনে শ্রমিকরা তাদের সন্তানদের শিক্ষা বা চিকিৎসার খরচ মেটাতে পারছেন না।


কারখানা যখন কারাগার
সম্প্রতি কদমতলিতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৬ শ্রমিকের মৃত্যুর ঘটনা উল্লেখ করে রুহুল আমিন বলেন, “আমরা স্লোগান দিয়েছিলাম ‘গার্মেন্টস নয় যেন কারাগার, এই কারাগার ভাঙতে হবে‘। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কারখানাগুলো এখনো কারাগারই রয়ে গেছে। ##
জেডএ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...