• আপডেট টাইম : 24/04/2026 07:51 AM
  • 127 বার পঠিত
  • মো. হাসান আলী
  • sramikawaz.com


বাংলাদেশ আজ তৈরি পোশাক শিল্পে বিশ্বসেরা, আমাদের কারখানাগুলো এখন পরিবেশ বান্দব 'সবুজ সনদ' পেয়েছে ২৭০ টি, কিন্তু ১,১৩৬টি প্রাণের বিচারের বেলায় কেন তেরো বছরের এই দীর্ঘ নীরবতা রানা প্লাজা একটি অমীমাংসিত আর্তনাদ ও তেরো বছরের দীর্ঘশ্বাস।
সাভারের আজ সেখানে কোনো ধ্বংসস্তূপ নেই, নেই সেই লাশের গন্ধ। কিন্তু প্রতি বছর ২৪শে এপ্রিল এলে জায়গাটি যেন এক নীরব দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠে। সময় এখানে ১৩ পার করেছে ঠিকই, কিন্তু স্বজনহারাদের কাছে ঘড়ির কাঁটা যেন আজও সেই ২০১৩ সালের অভিশপ্ত সকালেই আটকে আছে।
দিনটি ছিল ২৩ এপ্রিল, ২০১৩। হঠাৎ রানা প্লাজা ভবনের স্তম্ভ আর দেয়ালে ফাটল দেখা দেয়। আতঙ্কিত শ্রমিকরা কাজ ফেলে বেরিয়ে আসেন। পৌর প্রকৌশলীরা ভবনটিকে বিপজ্জনক ঘোষণা করেন। নিচের তলার ব্যাংক ও দোকানগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু পোশাক কারখানার মালিকদের কাছে মানুষের জীবনের চেয়ে ‘উৎপাদন’ ছিল বড়। বেতন কাটা আর চাকরি হারানোর ভয় দেখিয়ে ২৪ তারিখ সকালে হাজার হাজার শ্রমিককে এক প্রকার জোর করেই সেই ভবনে ঢোকানো হয়।
সকাল ৮:৪৫ মিনিট। হঠাৎ বিকট এক শব্দ। পুরো এলাকা যেন ভূমিকম্পে কেঁপে উঠল। চোখের পলকে ৯ তলা ভবনটি তাসের ঘরের মতো ধসে পড়ল। ধুলোয় অন্ধকার হয়ে গেল চারপাশ। মুহূর্তেই কয়েক হাজার স্বপ্ন চাপা পড়ল কয়েক টন কংক্রিটের নিচে। শুরু হলো ইতিহাসের অন্যতম ভয়াবহ এক ‘মানুষসৃষ্ট দুর্যোগ’।
পরবর্তী ১৭ দিন ছিল লাশের মিছিল আর উদ্ধারের হাহাকার। তবে অন্ধকারের মাঝেও ছিল আলোর ঝলক। ধ্বংসস্তূপ সরানোর ১৭ দিন পর, ১০ মে উদ্ধার করা হয় রেশমাকে। দীর্ঘ ১৭ দিন অন্ধকার সামান্য শুকনা খাবার আর পানি খেয়ে মৃত্যুর সাথে লড়াই করে তাঁর ফিরে আসা ছিল পুরো বিশ্বের কাছে এক বিস্ময়কর মিরাকল। কিন্তু সবার কপাল রেশমার মতো ছিল না। ২৯১ জন শ্রমিকের লাশ শনাক্ত করা সম্ভব হয়নি ডিএনএ টেস্টের পর তাদের লাশ দাফন করা হয়।
রানা প্লাজা ধস কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না এটি ছিল লোভ আর দুর্নীতির সম্মিলিত ফলাফল। প্রধান অভিযুক্ত ভবন মালিক সোহেল রানা। তিনি অবৈধভাবে জলাশয় ভরাট করে দুর্বল নির্মাণসামগ্রী দিয়ে ৬ তলার অনুমোদন নিয়ে ৯ তলা ভবন তুলেছিলেন। অথচ এক যুগ পেরিয়ে গেলেও বিচার যেন আজও ধুলোবালি মাখা ফাইলে বন্দী, ৫৯৪ জন সাক্ষীর মধ্যে মাত্র অল্প কয়েকজনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
বিচার চলছে অত্যন্ত ধীরগতিতে, আইনি জটিলতা ও উচ্চ আদালতের স্থগিতাদেশে আটকে আছে, একমাত্র এই মামলায় সোহেল রানাকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, ৩৮ জন আসামির মধ্যে কেবল সোহেল রানা কারাগারে, বাকিরা জামিনে বা পলাতক।
রানা প্লাজা ট্র্যাজেডি কোনো একটি বিচ্ছিন্ন দুর্ঘটনা ছিল না, বরং এটি ছিল একটি প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত ব্যর্থতার চরম উদাহরণ, সোহেল রানা (ভবন মালিক): জলাশয় ভরাট করে ভবন নির্মাণ, নকশা বহির্ভূত তলা বৃদ্ধি এবং ফাটল দেখার পরেও শ্রমিকদের মারধর করে ভেতরে ঢুকতে বাধ্য করা।
প্রকৌশলী ও ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং ভবনের লোড বিয়ারিং ক্যাপাসিটি (ভারবহন ক্ষমতা) সঠিকভাবে যাচাই না করা, তদারকি সংস্থা রাজউক/পৌরসভা নকশা অনুমোদনে অনিয়ম এবং নির্মাণের প্রতিটি ধাপে তদারকির অভাব।
প্রসাশন ও শ্রম মন্ত্রণালয় কারখানা পরিদর্শক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের চরম অবহেলা ও দুর্নীতির সুযোগ দেওয়া, রাজনৈতিক প্রশ্রয় ক্ষমতাসীন দলের প্রভাব ব্যবহার করে আইনকে তোয়াক্কা না করার সংস্কৃতি।
কারখানা মালিকদের মুনাফালোভ জীবনের চেয়ে উৎপাদন এবং শিপমেন্টের সময়সীমাকে বেশি গুরুত্ব দেওয়া, আন্তর্জাতিক ক্রেতা সস্তায় পোশাক তৈরির যে অসুস্থ প্রতিযোগিতা তারা চালু রেখেছে, তার পরোক্ষ শিকার হতে হয় শ্রমিকদের। তারা কারখানার পরিবেশ ও নিরাপত্তা নিয়ে দীর্ঘকাল উদাসীন ছিল।
রাষ্ট্রের প্রধান কাজ হচ্ছে নাগরিকের 'নিরাপদ জীবনের অধিকার' নিশ্চিত করা। রানা প্লাজার ক্ষেত্রে রাষ্ট্র তার নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এই ট্র্যাজেডি আমাদের কিছু তিক্ত শিক্ষা দিয়ে গেছে অ্যাকর্ড ও অ্যালায়েন্স দুর্ঘটনার পর আন্তর্জাতিক চাপে পোশাক খাতে নিরাপত্তার ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে।
শ্রমিক অধিকার ট্রেড ইউনিয়ন গঠন এবং নিরাপত্তার মানদণ্ড নিয়ে বিশ্বব্যাপী নতুন করে আলোচনা শুরু হয়েছে।আইনি দীর্ঘসূত্রতা দুঃখজনক হলেও সত্য যে, এত বড় অপরাধের পরেও আইনি প্রক্রিয়া এখনো পুরোপুরি শেষ হয়নি, যা বিচারহীনতার সংস্কৃতির একটি বড় উদাহরণ।"রানা প্লাজা কোনো সাধারণ ভবন ধস ছিল না, এটি ছিল একটি মানবিক বিপর্যয় যা আমাদের সমাজ ও রাষ্ট্রের নৈতিক ধসের প্রমাণ দেয়।
সোহেল রানা (ভবনের মালিক) সোহেল রানা বর্তমানে একমাত্র ব্যক্তি যিনি এই ঘটনায় কারাগারে আছেন।দুর্নীতির মামলা অবৈধ সম্পদ অর্জনের দায়ে তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, ২০১৩ সালের এই মূল মামলায় তিনি এখনো বিচারাধীন। মাঝখানে উচ্চ আদালত থেকে তিনি জামিন পেলেও সুপ্রিম কোর্ট তা স্থগিত করে দেয়, ফলে তাকে কারাগারেই থাকতে হচ্ছে।
এই মামলায় মোট ৪১ জন আসামির মধ্যে সোহেল রানার বাবা ও মা-ও ছিলেন, যারা পরবর্তীতে মারা গেছেন।জামিন ও পলায়ন অধিকাংশ আসামি (প্রায় ৩১ জন) বর্তমানে জামিনে বাইরে আছেন। এর মধ্যে সাভারের তৎকালীন মেয়র এবং বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা ও প্রকৌশলী রয়েছেন। ৬ জন আসামি এখনো পলাতক, যাদের কাউকেই আইনের আওতায় আনা সম্ভব হয়নি। অনেক অভিযুক্ত সরকারি কর্মকর্তা বর্তমানে অন্য জায়গায় কর্মরত আছেন বা অবসরে চলে গেছেন।হাজার হাজার মানুষের সাক্ষী হওয়া সত্ত্বেও বিচার শেষ না হওয়ার পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে,উচ্চ আদালতের স্থগিতাদেশ মামলার শুরুতে কয়েকজন সরকারি কর্মকর্তার পক্ষে উচ্চ আদালত স্থগিতাদেশ দিয়েছিলেন।
এই আইনি মারপ্যাঁচে কয়েক বছর বিচার কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল।সাক্ষ্য গ্রহণের জটিলতা মামলায় সাক্ষী হিসেবে ৫৯৪ জনের নাম রয়েছে। এত বিপুল সংখ্যক সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা এবং তাদের আদালতে উপস্থিত করা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে।
চার্জশিটের ত্রুটি মামলার শুরুতে 'অবহেলাজনিত মৃত্যু' নাকি 'হত্যা' এই আইনি সংজ্ঞা নিয়ে বিতর্কেও বেশ সময় নষ্ট হয়েছে,সংস্কারের দ্বিমুখী চিত্র বড় বনাম ছোট কারখানা অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের প্রভাবে বড় ও রপ্তানিমুখী কারখানাগুলোতে দৃশ্যমান পরিবর্তন 'সাব-কন্ট্রাক্টিং' বা ছোট কারখানাগুলো যারা স্থানীয় বাজারের জন্য বা তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে তাদের নিরাপত্তা পরিস্থিতি এখনো উদ্বেগজনক।
অনেক ক্ষেত্রে ছোট কারখানায় প্রয়োজনীয় অগ্নিনির্বাপক ব্যবস্থা বা জরুরি বহির্গমন পথ এখনো মানদণ্ড অনুযায়ী তৈরি হয়নি।ক্ষতিপূরণ বনাম পুনর্বাসন ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু 'পুনর্বাসন' একটি ভিন্ন চ্যালেঞ্জ।এককালীন বনাম দীর্ঘমেয়াদী ৩০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ অনেকের জন্য তাৎক্ষণিক প্রয়োজন মেটালেও, যারা কর্মক্ষমতা হারিয়েছেন, তাদের সারা জীবনের আয়ের বিকল্প হয়নি।
মানসিক ট্রমা অনেক জীবিত শ্রমিক এখনো মেশিনের আওয়াজ শুনলে বা বহুতল ভবনে প্রবেশ করলে আতঙ্কিত বোধ করেন। এই সাইকোলজিক্যাল সাপোর্ট সিস্টেমটি বাংলাদেশে এখনো অত্যন্ত দুর্বল।
শ্রমিক অধিকার ও মজুরি আন্দোলন নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেও, শ্রমিকের কণ্ঠস্বর এখনো অবদমিত।মজুরি বনাম মুদ্রাস্ফীতি সাম্প্রতিক বছরগুলোতে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের পর শ্রমিকদের বিরুদ্ধে মামলা বা 'কালো তালিকাভুক্ত' করার অভিযোগ শিল্পখাতের একটি অন্ধকার অধ্যায়।
কারখানায় ট্রেড ইউনিয়ন গঠনের হার বাড়লেও, এর কার্যকরিতা বা শ্রমিকদের সত্যিকারের দরকষাকষির ক্ষমতা অনেক ক্ষেত্রে মালিকপক্ষের বা রাজনৈতিক প্রভাবে সীমাবদ্ধ থাকে।বর্তমান ২০২৬ সালের শ্রম আইন সংশোধনিতে বলা হয়েছে কারখানায় ট্রেড ইউনিয়ন গঠনের জন্য মালিকের প্রত্যায়ন প্রত্র লাগবে যা শ্রমিকদের সংগঠিত হওয়ার জন্য বাদা হয়ে দারাবে।
সেন্ট্রাল মনিটরিং কেবল বিদেশি বায়ারদের চাপের মুখে নয়, বরং সরকারের নিজস্ব তদারকি সংস্থাগুলোর যেমন: কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সক্ষমতা এবং স্বচ্ছতা বৃদ্ধি করা।দীর্ঘমেয়াদী বীমা এককালীন ক্ষতিপূরণ না দিয়ে একটি জাতীয় বীমা প্রকল্প (National Employment Injury Insurance Scheme) চালু করা, যাতে যে কোনো দুর্ঘটনায় শ্রমিকরা দীর্ঘমেয়াদী সুরক্ষা পান। শ্রমিক অধিকার নিশ্চিতকরণ নিরাপত্তার সাথে সাথে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত না করলে এই শিল্প স্থায়ী স্থিতিশীলতা পাবে না।
অ্যাকশনএইড-এর তথ্যমতে, ৫৪ শতাংশেরও বেশি আহত শ্রমিক বেকার। যারা কাজ করার চেষ্টা করছেন, তাদের শারীরিক সীমাবদ্ধতার কারণে কোনো ভারী কাজ দেওয়া হয় না। সুমি আক্তারের মতো যাদের কৃত্রিম অঙ্গের প্রয়োজন, তাদের জন্য এটি একটি চিরস্থায়ী আর্থিক বোঝা। এককালীন ক্ষতিপূরণ দিয়ে যে এই দীর্ঘমেয়াদী চিকিৎসা খরচ চালানো সম্ভব নয়, তা কর্তৃপক্ষ অনুধাবন করতে ব্যর্থ হয়েছে।
ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD)মানসিক স্বাস্থ্যের বিষয়টি বাংলাদেশে সবসময়ই অবহেলিত। রানা প্লাজার সারভাইভারদের মধ্যে যে অদৃশ্য ক্ষত রয়েছে বন্ধ ঘরে বা অন্ধকারে গেলে তারা আজও মনে করেন ভবনের নিচে চাপা পড়ে আছেন। ভারী যন্ত্রপাতির সামান্য আওয়াজ বা ঝড়ের শব্দেও অনেকে আঁতকে ওঠেন।
শারীরিক অক্ষমতার কারণে অনেকের পারিবারিক জীবন ধ্বংস হয়ে গেছে, যা তাদের একাকিত্ব ও বিষণ্নতাকে আরও বাড়িয়ে দিচ্ছে।পুনর্বাসনের ব্যর্থতা ও সামাজিক দায়বদ্ধতা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদের পুনর্বাসন করা হবে বা বিকল্প কর্মসংস্থান তৈরি করা হবে। কিন্তু বাস্তবে সরকারি ও বেসরকারি পর্যায় থেকে দীর্ঘমেয়াদী কোনো 'পেনশন স্কিম' বা স্থায়ী স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করা হয়নি। অনেক শ্রমিককে নামমাত্র সেলাই মেশিন বা ক্ষুদ্র ঋণ দেওয়া হলেও, বাজারের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে তারা আবারও দারিদ্র্যের চক্রে তলিয়ে গেছেন।
অবহেলা রানা প্লাজা এখন অনেকের কাছে কেবল একটি 'ক্যালেন্ডারের তারিখ' বা বাৎসরিক শোক পালনের দিন। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো তাদের ব্যবসা নিয়ে ব্যস্ত, আর স্থানীয় কর্তৃপক্ষ ব্যস্ত নতুন নতুন শিল্পায়নের পরিসংখ্যান নিয়ে। কিন্তু যে মানুষগুলোর রক্তে ও পঙ্গুত্বে এই শিল্পের ভিত্তি দাঁড়িয়ে আছে, তাদের জন্য কোনো স্থায়ী আইনি সুরক্ষাকবচ তৈরি হয়নি।
"বেঁচে যাওয়া শ্রমিকদের এই দীর্ঘশ্বাস আমাদের তথাকথিত উন্নয়নের গতির ওপর এক বিরাট প্রশ্নচিহ্ন।"ইতিহাস হয়তো এই অবহেলার কথা মনে রাখবে, কিন্তু সেই শ্রমিকদের হারিয়ে যাওয়া জীবন কি কোনোদিন পূর্ণতা পাবে? বিচারহীনতার এই সংস্কৃতি এবং পুনর্বাসনের নামে এই লোক দেখানো সহায়তা কি আমাদের জাতীয় ব্যর্থতা নয়?
বেঁচে থাকাই যেখানে শাস্তি সবচেয়ে বড় ব্যর্থতা হলো বেঁচে যাওয়া এবং আহত শ্রমিকদের পুনর্বাসনে।বেকারত্ব ও পঙ্গুত্ব আহতদের অর্ধেকেরও বেশি এখনো কর্মহীন। শারীরিক ও মানসিক যন্ত্রণার পাশাপাশি কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের ঋণের বোঝা তাদের জীবনকে বিষিয়ে তুলছে। সামাজিক সুরক্ষা এককালীন কিছু আর্থিক সহায়তা দেওয়া হলেও দীর্ঘমেয়াদী কোনো পেনশন বা সরকারি বীমা ব্যবস্থা আজও গড়ে ওঠেনি।
রানা প্লাজার শিক্ষা একটি মানবিক ও কাঠামোগত রূপান্তর,রানা প্লাজা আমাদের ইতিহাসের এমন এক ক্ষত, যা শুকিয়েও শুকায় না। এক যুগ পেরিয়ে এসে এই ট্র্যাজেডি আমাদের যে চারটি মৌলিক শিক্ষা দেয়, তা আজ আমাদের জাতীয় ও শিল্পনীতির মূলভিত্তি হওয়া উচিত।
প্রকৌশলগত সততা ভবনের নকশা এবং নির্মাণ মান নিয়ে আপস করার অর্থ হলো হাজারো মানুষের জীবন নিয়ে জুয়া খেলা। মুনাফার চেয়ে মজবুত কাঠামোর গুরুত্ব অনেক বেশি এটি এখন কেবল তত্ত্ব নয়, একটি নির্মম বাস্তবতা।
টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি শ্রমিক সুরক্ষা শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা কেবল দয়া বা নৈতিকতা নয় বরং এটি অর্থনৈতিক স্থিতিশীলতার পূর্বশর্ত। অনিরাপদ পরিবেশে কখনোই টেকসই শিল্পায়ন সম্ভব নয়। শ্রমিকের জীবন সুরক্ষিত থাকলেই শিল্পের প্রবৃদ্ধি নিশ্চিত হয়।
দুর্নীতিমুক্ত তদারকি ও সুশাসন কাগজে-কলমে আইন থাকা সত্ত্বেও প্রয়োগের অভাবে রানা প্লাজার মতো ঘটনা ঘটে। নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর গাফিলতি ও দুর্নীতি কীভাবে একটি বিপর্যয়কে ত্বরান্বিত করে, তা আমরা দেখেছি। তাই তদারকি ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
স্বতঃস্ফূর্ত মানবিক দায়বদ্ধতা নিরাপত্তা সংস্কারের জন্য আমাদের যেন আন্তর্জাতিক চাপ বা বায়ারদের নির্দেশের অপেক্ষায় থাকতে না হয়। নিজেদের বিবেকের তাড়নায়, নিজেদের ভাই-বোনদের রক্ষার জন্য আমাদের নিজস্ব 'নিরাপত্তা সংস্কৃতি' গড়ে তুলতে হবে।
ইতিহাসের পুনরাবৃত্তি রোধে করণীয় রানা প্লাজা আমাদের শিখিয়েছে যে, ইতিহাস নিষ্ঠুর। যদি আমরা উদাসীন থাকি, তবে ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করবে। তাই রানা প্লাজা যেন কেবল একটি ক্যালেন্ডারের তারিখ না হয়ে থাকে এটি যেন হয় আমাদের প্রতিজ্ঞার স্মারক।
"রানা প্লাজা আমাদের মনে করিয়ে দেয় শ্রমিকের ঘাম আর রক্তে যে সম্পদ অর্জিত হয়, তার বিনিময়ে তাদের জীবন কেড়ে নেওয়ার অধিকার কারও নেই।"
রানা প্লাজা ধ্বংসস্তূপ থেকে উত্তরণের পথ
১.আইনি ও অবকাঠামোগত কঠোরতা শুধু আইন থাকা যথেষ্ট নয়, তার প্রয়োগ নিশ্চিত করতে হবে। নকশা বহির্ভূত ভবন নির্মাণ এবং বিপজ্জনক পরিস্থিতিতে শ্রমিকদের কাজে বাধ্য করাকে ‘জামিন অযোগ্য’ অপরাধ হিসেবে গণ্য করা প্রয়োজন।
২. নিয়মিত ও স্বাধীন তদারকি সরকারি পরিদর্শন সংস্থাগুলোর (DIFE) সক্ষমতা বাড়ানো এবং যেকোনো রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে নিয়মিত কারখানা পরিদর্শন নিশ্চিত করা।
৩. নৈতিক ব্যবসায়িক মডেল মুনাফা এবং মানবিকতার ভারসাম্য বজায় রাখা। বায়ারদের এমন দাম নিশ্চিত করতে হবে যাতে কারখানা মালিকরা নিরাপত্তার খরচ মেটাতে পিছপা না হন।
৪. শ্রমিকের ক্ষমতায়ন ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠন করার অধিকার কেবল কাগজে নয়, বাস্তবে নিশ্চিত করা, আইএলও কনভেনশন ৮৭,৯৮,১৮৭,১৯০ বাস্থবায়ন করা। শ্রমিকরা যখন নির্ভয়ে বলতে পারবেন "এই ভবনটি অনিরাপদ", তখনই আরেকটি রানা প্লাজা রুখে দেওয়া সম্ভব হবে।
৫. জীবনযাত্রার মান ও ন্যায্য মজুরি নিরাপদ কর্মপরিবেশের পাশাপাশি শ্রমিকের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ন্যায্য মজুরি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। উন্নয়ন তখনই সত্যিকার অর্থে সফল, যখন তার মূল ভিত হয় নিরাপদ শ্রম, ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা।”

 

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...