আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের 'এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড'-এ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহতের ঘটনায় দায়ী মালিক এবং সরকারি-বেসরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। একইসঙ্গে আইএলও কনভেনশন-১২১ অনুযায়ী নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা এবং পুনর্বাসনের আহ্বান জানানো হয়েছে।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’ আয়োজিত এক প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এসব দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি শ্রমিকনেতা ইদ্রীস আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিনের পরিচালনায় সমাবেশে কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন, এম এ শাহীন, জালাল হাওলাদার, সাইফুফ্লাহ আল মামুন ও জাহানারা বেগম বক্তব্য রাখেন। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন হকার্স শ্রমিক নেতা সেকেন্দার হায়াত।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, সিলিন্ডার বিস্ফোরণের এই অগ্নিকাণ্ড ও প্রাণহানি কোনো সাধারণ দুর্ঘটনা নয়; এটি কর্তৃপক্ষের চরম অবহেলা ও অনিয়মের ফলে সৃষ্ট ‘কাঠামোগত হত্যাকাণ্ড’। কারখানা প্রাঙ্গণে কাভার্ড ভ্যানে বিপজ্জনকভাবে সিলিন্ডার এনে অবৈধ ও চরম ঝুঁকিপূর্ণ উপায়ে গ্যাস ব্যবহারের যে ব্যবস্থা করা হয়েছিল, তা পুরো এলাকাকে এক মৃত্যুকূপে পরিণত করেছিল।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, এই একই কারখানায় ২০০৯ সালেও গুলি করে তিন জন শ্রমিককে হত্যা করা হলেও অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিচারহীনতা ও মালিকদের চরম মুনাফালোভের কারণে তৈরি পোশাক খাতে শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশ থেকে দেশব্যাপী গার্মেন্টস শিল্পাঞ্চলে কর্মসূচির ঘোষণা দেওয়ার পাশাপাশি ৫ দফা দাবি উত্থাপন করা হয়।
দাবিসমূহ:
১. এস সুহি ইন্ডিষ্ট্রিয়াল পার্ক লিমিটেডের মালিকসহ দায়ী সরকারি-বেসরকারি কর্মকর্তাদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
২. আইএলও কনভেনশন-১২১ অনুযায়ী ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
৩. সারাদেশের সব কারখানায় কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪. সব শ্রমিক-কর্মচারীর কাজ ও নিয়মিত মজুরি প্রাপ্তি নিশ্চিত করতে হবে। এবং
৫. অবিলম্বে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড গঠন করে চলতি ২০২৬ সালের ডিসেম্বর মাস থেকে নিম্নতম মজুরি ৩০,০০০ টাকা নির্ধারণ এবং সকল গ্রেডে একই হারে মজুরি বৃদ্ধি করতে হবে।
জেডএ/
এ জাতীয় আরো খবর..