সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকার আশুলিয়ার জামগড়ায় অবস্থিত প্রীতি গ্রুপের ‘এস. সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিঃ’-এ মর্মান্তিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক হতাহতের ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। একইসঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১২১ নম্বর কনভেনশন অনুযায়ী নিহত ও আহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং সুচিকিৎসার জোর দাবি জানানো হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি ইদ্রিস আলী এবং সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন এই দাবি জানান।
বিবৃতিতে শ্রমিক নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এই একই কারখানায় ২০০৯ সালেও আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি চালিয়ে তিনজনকে হত্যা করা হয়েছিল। কিন্তু তৎকালীন সময়ে হত্যাকারী মালিক কিংবা ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
তারা অভিযোগ করেন, চরম মুনাফালোভ এবং দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি মালিকদের শ্রমিকের জীবনের নিরাপত্তা দেওয়ার বিষয়ে উদাসীন করে তুলেছে। সরকার ও কারখানা কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা এবং উদাসীনতার কারণেই দেশের অধিকাংশ পোশাক কারখানা আজ ‘মৃত্যুকূপে’ পরিণত হয়েছে।
নেতৃবৃন্দ আশুলিয়ার বিস্ফোরণের জন্য দায়ী কারখানা মালিকসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি তদারকি কর্মকর্তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। একইসাথে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরাপদ কারখানার অধিকার আদায়ে দেশের শ্রমজীবী মানুষ ও সচেতন নাগরিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।
এ জাতীয় আরো খবর..