কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের দিন রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাস আহমেদ বাপ্পি (২৪) নামে এক যুবকের (বর) মৃত্যু হয়েছে।
২০ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহত বর আনাস আহমেদ বাপ্পি একই গ্রামের ইউসুফ আলীর একমাত্র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পারিবারিকভাবে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের জারা (২০) নামে এক তরুণীর সঙ্গে আনাস আহমেদ বাপ্পির বিয়ে সম্পন্ন হয়। বিয়ে শেষে বিকেলে নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফিরেন তিনি। নতুন বউকে দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। ছেলে ও নতুন বউকে ঘিরে পরিবারে ছিল আনন্দের আমেজ।
তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিয়ের রাতেই বাড়িতে নাচ-গানের আয়োজন করা হয়। সেখানে একটি প্যান্ডেলে আনাস একটি স্ট্যান্ড ফ্যানের পাশে চেয়ারে বসে ছিলেন। হঠাৎ ফ্যানটি তার শরীরের ওপর পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ফ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল বলে প্রত্যক্ষর্দীদের ধারণা।
নিহত আনাসের চাচাতো ভাই রুবেল হোসেন বলেন, শুক্রবার বৌভাতের আয়োজন চলছিল। পরিবারের লোকজন নাচের প্যান্ডেলে নাচ উপভোগ করছিলেন। এ সময় পাশে থাকা একটি ফ্যান আনাসের গায়ের ওপর পড়ে। পরে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান বলেন, এমন খবর পেয়ে সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ জাতীয় আরো খবর..