বংশালের লোকাল গার্মেন্টস কারখানার বডি ম্যান শ্রমিক মো. শামীমের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন, আইনানুগ বিচার এবং শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট চুক্তি ও শ্রম আইন বাস্তবায়নের সুনির্দিষ্ট দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পোশাক শিল্পের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব ও শোষণের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন আন্দোলনকারীরা।
৩১ জুলাই, শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘের উদ্যোগে এ শান্তিপূর্ণ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে তদন্ত শেষ হওয়ার আগে ঢালাও অভিযোগ না তুলে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানানো হয়।
বক্তারা ২৫ ফেব্রুয়ারি ২০২৫ সালের মালিক-শ্রমিক চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং সব লোকাল গার্মেন্টসে ঘোষিত মজুরি চালুর জোর দাবি জানান। কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শ্রম আইন বাস্তবায়নের প্রতিও তাগিদ দেওয়া হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘের সভাপতি আহমেদ সুজন, সাধারণ সম্পাদক মাহবুব আলম মানিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ঢাকা মহানগর কমিটির সভাপতি প্রকাশ দত্ত, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক আতিকুল ইসলাম টিটু, হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক আখতারুজ্জামান খান এবং প্রয়াত শ্রমিক শামীমের পরিবারের প্রতিনিধি মো. সুমন।
এ জাতীয় আরো খবর..