• আপডেট টাইম : 25/07/2026 05:04 PM
  • 129 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com

বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত। সম্মেলনে মো. মজিবুর রহমান ভূঞাকে সভাপতি এবং শহীদুল্লাহ বাদলকে সাধারণ সম্পাদক করে পরবর্তী মেয়াদের জন্য ৩৫ সদস্যের কমিটি নির্বাচিত করা হয়।

২৫ জুলাই শনিবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস এর নির্বাহী পরিচালক ও শ্রম সংস্কার কমিশনের সাবেক প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর যুগ্ম সমন্বয়কারী এ এ এম ফয়েজ হোসেন এবং বাংলাদেশের শ্রমিক জোটের সভাপতি আব্দুল কাদের হাওলাদার। সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি পরিমল সিং বাড়ৈ। অনুষ্ঠানে ফেডারেশনের নেতৃবৃন্দ, সদস্য ও বিভিন্ন জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সরকারী ও বেসরকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রম সচিব তার বক্তব্যে দ্বি-বার্ষিক সম্মেলন আয়োজনে মুক্ত শ্রমিক ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, গণতন্ত্র চর্চা অব্যহত থাকলে শ্রমিকের দাবী পূরণ, কল্যাণ, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সহজ হয়। বর্তমান ত্রিপক্ষীয় কমিটি’র পূণর্গঠন শ্রমিকের অধিকার আদায়ে আরও কার্যকর ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, এর পাশাপাশি শ্রম সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকার জাতীয় সামাজিক সংলাপের একটি স্থায়ী কাঠামো গঠনের বিষয়টি বিবেচনা করছে, যা ত্রিপক্ষীয় কমিটির কাজে নাগরিক সমাজের সুপারিশ ও গবেষণালব্ধ তথ্য তুলে ধরে সহায়তা করতে পারবে।

সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, শ্রম অধিকার বিষয়ে যে সমস্ত আলোচনা ও সুপারিশ প্রতিনিয়ত যুক্ত হচ্ছে তা সরকারের কাছে নিয়মিত তুলে ধরতে জাতীয় সামাজিক সংলাপ ফোরাম একটি গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করতে পারে। এ বিষয়ে সরকারের ইতিবাচক ভূমিকা বিষয়টিকে ত্বরান্বিত করবে বলে তিনি উল্লেখ করেন। তবে তিনি শ্রমিক অধিকার ও দাবী আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদকে সর্বাগ্রে বিবেচনা করার আহ্বান জানান।

সম্মেলেনে ভিডিও বক্তব্য প্রদান করেন ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন (আইটিইউসি) এর সাধারণ সম্পাদক লুক ট্রায়াঙ্গেল এবং আইটিইউসি-এপি’র সাধারণ সম্পাদক শয়া ইউশিদা। তারা তাদের বক্তব্যে গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন আন্দোলনকে জোরদারে নেতৃবৃন্দকে জোরালো ভূমিকা পালন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকারের প্রতি আহ্বান জানান। তারা জোর দিয়ে বলেন, শুধু রাজনীতিতে গণতন্ত্র নিশ্চিত করলেই হবে না বরং কর্মক্ষেত্রে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সংগঠনের অধিকার ও যৌথ দরকষাকষির অধিকারকে এগিয়ে নিতে হবে।

মুক্ত শ্রমিক ফেডারেশনের নব নির্বাচিত সভাপতি মোঃ মজিবুর রহমান ভূঞা বলেন, দীর্ঘ ৫৭ বছর ধরে সংগঠনটি শ্রমিকদের দাবী আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমান কমিটি এই ধারবাহিকতাকে আরও সাফল্যের সাথে সামনে এগিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...