অবিলম্বে ৩০ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা এবং মৎস্য শ্রমিকদের বাঁওড়ের মালিকানা বুঝিয়ে দেওয়ার দাবিতে ঝিনাইদহে এক বিশাল শ্রমিকসভা অনুষ্ঠিত হয়েছে।
২১ জুলাই মঙ্গলবার ঝিনাইদহ শহরের ডা. কে আহমেদ সড়কস্থ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র এবং শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর কেন্দ্রীয় নেতা প্রখ্যাত শ্রমিক জননেতা কাজী রুহুল আমিন ঝিনাইদহের হাজার হাজার মৎস্যজীবী জেলে শ্রমিকদের বাঁওড়সহ জলমহালের মালিকানা প্রকৃত মৎস্য শ্রমিকদের বুঝিয়ে দিতে সরকারের নিকট জোর দাবি জানান।
৩০ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত ও সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করে বর্তমান সরকারকে তাদের নির্বাচনী ওয়াদা পূরণ করার দাবি জানান এই শ্রমিক নেতা।
তিনি আরও বলেন, “জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে রাষ্ট্রীয় শিল্প সম্পদ (৪৪টি মিল) দেশী-বিদেশী পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া যাবে না। এসব মিল রাষ্ট্রীয় মালিকানায় আধুনিকায়ন করে পুনরায় চালু করতে হবে।”
চট্টগ্রাম বন্দর ইজারা প্রদান এবং দেশীয় স্বার্থ ও সার্বভৌমত্বের বিরোধী আমেরিকার সাথে বাণিজ্য চুক্তির তীব্র সমালোচনা করে কাজী রুহুল আমিন বলেন, “দেশের জন্য লাভজনক হওয়া সত্ত্বেও চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়া এবং আমেরিকা ও অন্যান্য দেশের সাথে সার্বভৌমত্ব বিরোধী বাণিজ্য চুক্তি দেশবাসীর নিকট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এসব দাসত্বের চুক্তি বাতিল করতে হবে।”
শ্রমিকনেতা সুজন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিকনেতা আবু তোয়াব অপু, নজরুল ইসলাম, সাহাবুদ্দীন হোসেন, নির্মল হালদার, লালন হালদার প্রমুখ।