• আপডেট টাইম : 12/07/2026 10:10 PM
  • 47 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com

চলতি ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের বিপরীতে বিকল্প নগদ সহায়তা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হয়েছে। বিদ্যমান ১.৫০ শতাংশ থেকে বাড়িয়ে এই নগদ সহায়তা ৫.০০ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

১২ জুলাই রোববার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ (এফইপিডি-১) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো এই সার্কুলারে স্বাক্ষর করেছেন বিভাগের পরিচালক মো. হারুন-অর-রশিদ।


সার্কুলারে বলা হয়েছে, গত ৫ জুলাই ২০২৬ তারিখে জারি করা সার্কুলার অনুযায়ী এই খাতে বিকল্প নগদ সহায়তা ১.৫০ শতাংশ নির্ধারিত ছিল। তবে সরকারের নতুন সিদ্ধান্ত মোতাবেক এই সহায়তা বৃদ্ধি করে ৫ শতাংশ করা হলো।

নতুন এই নিয়ম অনুযায়ী, রপ্তানিকারকদের (বিজিএমইএ/বিকেএমইএ বা অন্যান্য সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সদস্য) এই প্রণোদনা বা নগদ সহায়তা গ্রহণের পূর্বে একটি বিশেষ শর্ত পূরণ করতে হবে। তাদের অবশ্যই দেশীয় উৎস থেকে কাঁচামাল হিসেবে সুতা বা কাপড় সংগ্রহের সঠিক প্রমাণক দাখিল করতে হবে।

দেশীয় উৎস থেকে সুতা ও কাপড় সংগ্রহের ক্ষেত্রে ২০০১ সালের ৫ মার্চ জারিকৃত এফই সার্কুলার নম্বর ০৯ এবং ২০০৩ সালের ৩ জুন জারি করা এফই সার্কুলার নম্বর ০৭-এর নির্দেশনাসহ সংশ্লিষ্ট অন্যান্য সব সার্কুলারের শর্তাবলী যথারীতি অপরিবর্তিত থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই বর্ধিত সুবিধা চলতি বছরের ১ জুলাই ২০২৬ থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত জাহাজিকৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং দেশীয় টেক্সটাইল মিলগুলোর উৎপাদিত সুতা ও কাপড়ের ব্যবহার বাড়াতে সরকারের এই সিদ্ধান্ত তৈরি পোশাক ও বস্ত্র খাতকে আরও শক্তিশালী করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...