• আপডেট টাইম : 03/07/2026 12:49 PM
  • 87 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

দাবি না মানলে শ্রমিক আন্দোলন করেই আদায় করবে: কাজী রুহুল আমিনের

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নে কোনো সরকারই দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন। একই সঙ্গে আগামীতে শ্রমিকদের দাবি উপেক্ষা করা হলে দেশে শ্রমিকরা আন্দোলন করেই অতীতের মত দাবি আদায় করবে মনে করেন তিনি।

শ্রমিক আওয়াজের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কাজী রুহুল আমিন বলেন, "শ্রমজীবী মানুষের যাপিত জীবনের কথা চিন্তা করে আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি, কিন্তু কোনো সরকারই কথা দিয়ে কথা রাখছে না। এখন সময় এসেছে 'ন্যাশনাল মিনিমাম ওয়েজ' বা জাতীয় ন্যূনতম মজুরি ও বেতন কাঠামো পুনর্নির্ধারণ করার।"

তিনি জোর দিয়ে বলেন, খাতভিত্তিক যেসব সেক্টরে এখনও মজুরি সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়নি, সেগুলোতে দ্রুত মজুরি কাঠামো তৈরি করতে হবে। পাশাপাশি যেসব সেক্টরে মজুরি পুনর্নির্ধারণের সময় পার হয়ে গেছে, সেগুলোতে অবিলম্বে নতুন মজুরি ঘোষণা করা সরকারের জরুরি কর্তব্য।

শ্রম আইনের প্রসঙ্গ টেনে শ্রমিক নেতা কাজী রুহুল আমিন বলেন, "বর্তমান শ্রম আইনের ১৩৯ ধারার ৬ উপধারা অনুযায়ী, প্রতি তিন বছর পর পর মজুরি পুনর্নির্ধারণ করা সরকারের আইনি দায়িত্ব; যা আগে পাঁচ বছর পর পর করার নিয়ম ছিল। এই আইন অনুযায়ী আগামী ১লা ডিসেম্বর থেকে গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের পুনর্নির্ধারিত বাড়তি মজুরি পাওয়ার কথা। অথচ এ লক্ষ্যে যে মজুরি বোর্ড গঠন করার প্রয়োজন ছিল, সরকার তা করতে বিলম্ব করছে।"

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির ফলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে, তার সঙ্গে সমন্বয় না করলে শ্রমিকদের জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়বে। এই পরিস্থিতিতে গার্মেন্টস ও চাবাগানসহ সব খাতের জন্য অবিলম্বে মজুরি বোর্ড গঠন করা আবশ্যক।

স্কপের পক্ষ থেকে সরকারের কাছে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "আমরা ইতিমধ্যে লিখিতভাবে এই দাবি জমা দিয়েছি। সারা দেশে বিভাগীয় কনভেনশনগুলো সম্পন্ন হয়েছে এবং আগামী ৮ই আগস্ট ঢাকায় জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে। এই কনভেনশনের মূল ঘোষণাই হবে মজুরি বৃদ্ধি ও শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। এ ছাড়া প্রযুক্তিগত রূপান্তর এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করাও আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।"

গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আন্দোলন প্রসঙ্গে তিনি জানান, অতিসত্বর মজুরি বোর্ড গঠনের দাবিতে তারা ইতিমধ্যে প্রধানমন্ত্রী ও শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন এবং বিভিন্ন শিল্পাঞ্চলে প্রচার অভিযান চালাচ্ছেন। সরকার যদি দ্রুত মজুরি বোর্ড গঠন না করে, তবে শ্রমিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে, যা দেশের শিল্প খাতের ওপর নতুন চাপ সৃষ্টি করবে।

কাজী রুহুল আমিন আরও জানান, গার্মেন্টসের ৪টি প্রধান জোটের নেতৃবৃন্দ ইতিমধ্যে বৈঠক করেছেন। শিগগিরই অন্য নেতাদের সঙ্গে আলোচনা করে কোন গ্রেডে কত মজুরি দাবি করা হবে, তা নিয়ে একটি 'অভিন্ন দাবিনামা' পেশ করা হবে।

বাজেট ও সরকারের শ্রমিকবান্ধব নীতির সমালোচনা করে তিনি বলেন, "প্রধানমন্ত্রী ১লা মে-তে বন্ধ কারখানা চালুর কথা বলেছেন, নিজেকে শ্রমিক হিসেবে ঘোষণা দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, এবারের বাজেটে শ্রমিকদের জন্য বিশেষ কোনো বরাদ্দ রাখা হয়নি। সরকারের নির্বাচনী ইশতেহার এবং প্রতিশ্রুতির সঙ্গে এই বাজেটের কোনো মিল নেই। অতীতে যেভাবে শ্রমিকদের অবজ্ঞা ও অবহেলা করা হয়েছে, এবারও যদি তাদের যৌক্তিক দাবি উপেক্ষা করা হয়, তবে বাংলাদেশে এবার তীব্র শ্রমিক গণঅভ্যুত্থান সৃষ্টি হবে।"

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...