• আপডেট টাইম : 23/06/2026 06:06 PM
  • 73 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় একটি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে প্রায় এক হাজার ৮০০ শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এ নিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে শ্রমিকদের কপালে।

বন্ধ হয়ে যাওয়া কারখানাটি হলো- ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং লিমিটেড। প্রতিষ্ঠানটির দুইটি সেকশনে কার্যক্রম চলতো।

পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, আর্থিক সংকটসহ নানা সমস্যার কারণে গত ১৬ জুন কারখানাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ওই কারখানার প্রায় ১ হাজার ৮০০ জন শ্রমিক বেকার হয়ে পড়েন। বেকার হয়ে পড়া এ শ্রমিকের মধ্যে এখন চরম উদ্বেগ ও হতাশা।

শ্রমিকদের পাওনা পরিশোধ নিয়ে শ্রমিক, পুলিশ এবং কারখানা কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনায় শিল্প পুলিশ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ) এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, মালিকপক্ষ, বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতা ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ জুলাই শ্রমিকদের সব পাওনা একযোগে পরিশোধের কথা রয়েছে।

ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং লিমিটেডের শ্রমিক আকবর আলী বলেন, শ্রমিকদের কথা চিন্তা না করে হঠাৎ করেই কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে আমরা প্রায় দুই হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছি। কী করবো, পরিবার নিয়ে কীভাবে চলবো বুঝতে পারছি না। দুশ্চিন্তার মধ্যে রয়েছি।

স্বপন মৃধা নামে আরেক শ্রমিক বলেন, চাকরি হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছি। কোনো কারখানায় নতুন করে লোক নিচ্ছে না। পরিবার-পরিজন নিয়ে বড় বিপদে আছি। চাকরি না পেলে খাবার জুটবে না। এত শ্রমিককে একসঙ্গে বেকার করে দিল কারখানা কর্তৃপক্ষ। শুনেছি অর্থনৈতিক কারণে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান জানান, আর্থিক সংকট এবং নানা সমস্যার কারণে কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে শ্রমিকদের সার্ভিস বেনিফিট, বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের বিষয়ে উভয় পক্ষের সম্মতিতে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, শ্রমিকদের এপ্রিল মাসের ১৫ দিন এবং মে মাসের ১৮ দিনের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...