কুষ্টিয়ার দৌলতপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ক্যানাল, সরকারি খাল ও ব্যক্তিমালিকানাধীন জমি থেকে প্রভাবশালী চক্রের অবৈধ মাটি কাটার মহোৎসব চলছে। এতে নদী তীরবর্তী অঞ্চলের শত শত খেটে খাওয়া মানুষ, কৃষক ও দিনমজুরদের জীবন-জীবিকা এবং জননিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে বলে ভুক্তভোগী শ্রমিক ও কৃষকেরা অভিযোগ করেছেন।
স্থানীয় দিনমজুর ও কৃষকদের দাবি, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বারবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না। ফলে সরকারি সম্পদ রক্ষার পাশাপাশি মেহনতি মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনের ভূমিকা নিয়ে নদীপাড়ের সাধারণ শ্রমজীবী মানুষের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী টোলপাড়া এলাকার একাধিক খেটে খাওয়া মানুষ জানান, প্রতিদিন রাত ৯টার পর শুরু হয় অবৈধ মাটি কাটার তাণ্ডব, যা চলে ভোররাত পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিনে এই তৎপরতা আরও বাড়ে। স্কেভেটর (খননযন্ত্র) এবং শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির মাধ্যমে দ্রুতগতিতে মাটি কেটে বিভিন্ন অবৈধ ইটভাটায় সরবরাহ করা হচ্ছে।
এলাকার ভুক্তভোগী কৃষকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, যে ক্যানালটি বর্ষা বা বন্যা মৌসুমে পদ্মা নদীর পানি প্রবেশ নিয়ন্ত্রণ করে, সেটির বুক আজ ক্ষতবিক্ষত। ক্যানালের পাশেই রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং পাকা সংযোগ সড়ক। নদীপাড়ের দিনমজুর ও কৃষকদের আশঙ্কা, এভাবে মাটি কাটা অব্যাহত থাকলে সামনে বন্যা ও বর্ষা মৌসুমে বাঁধ ও সড়ক ভেঙে যাবে। ফলে হাজার হাজার শ্রমজীবী মানুষের ঘরবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাবে এবং তারা উচ্ছেদ হওয়ার ঝুঁকিতে পড়বেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ভুক্তভোগী শ্রমিক জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এই সরকারি সম্পত্তি লুট করে বিক্রি করছে, যাদের পেছনে স্থানীয় কয়েকজন রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে। প্রতি রাতে প্রায় এক হাজার ট্রলি মাটি পাচার হচ্ছে। শ্রমিকদের অভিযোগ, প্রশাসন ও পুলিশকে বিষয়টি একাধিকবার জানানো হলেও অজ্ঞাত কারণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় সরকারি সম্পদ এভাবে অবাধে লুটপাট করা হচ্ছে বলে মেহনতি মানুষ মনে করছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বানাত ব্যাপারী প্রথমে দাবি করেন, তিনি নিজের জমির মাটি কাটছেন। তবে রাতের বেলায় মাটি কাটার কারণ জানতে চাইলে তিনি বলেন, "আমি না, অন্যরা কাটছে।" জমি তার হলে অন্যরা কীভাবে মাটি কাটছে—এ প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর তিনি দিতে পারেননি।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান একরামুল হক বলেন, "স্থানীয় একটি প্রভাবশালী চক্র ক্যানালের মাটি কেটে বিক্রি করছে বলে শুনেছি। তারা প্রভাবশালী হওয়ায় এলাকার সাধারণ মেহনতি মানুষ প্রকাশ্যে কথা বলতে ভয় পায়। বিষয়টি প্রশাসনকে জানানো হবে।"
এদিকে সরকারি ক্যানাল বা খাল ও বাঁধ রক্ষায় দ্রুত অভিযান পরিচালনা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সরকারি সম্পত্তি রক্ষার স্বার্থে গত বৃহস্পতিবার দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাউবোর কার্যসহকারী শফিকুল ইসলাম বাদী হয়ে অভিযোগটি দাখিল করেন। তবে অভিযোগ দায়েরের পরও শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন পাউবো কর্তৃপক্ষ ও ভুক্তভোগী স্থানীয়রা। তাদের দাবি, থানায় অভিযোগ দেওয়ার পরও অবাধে মাটি কাটার উৎসব চলছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, "অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
অন্যদিকে অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ বলেন, "আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। কিন্তু মাটি কাটা চক্রগুলো বেশিরভাগ সময় রাতের বেলায় কাজ করে। অনেক সময় অভিযানে গিয়ে তাদের পাওয়া যায় না। পুরোপুরি মাটি কাটা বন্ধ করতে হলে বৃষ্টিরও প্রয়োজন রয়েছে।"
ইউএনও’র এমন বক্তব্যে চরম বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় শ্রমজীবী মানুষ। নদীপাড়ের দিনমজুর ও সচেতন মহলের প্রশ্ন, প্রশাসনের আইন প্রয়োগের ক্ষমতা যদি বৃষ্টির ওপর নির্ভর করতে হয়, তবে মেহনতি মানুষের জীবন ও সরকারি সম্পদ রক্ষা করবে কে? দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চলতে থাকা এই অবৈধ মাটি কাটা বন্ধ করতে না পারা প্রশাসনের ব্যর্থতা, নাকি এর পেছনে অন্য কোনো প্রভাবশালীর হাতছানি রয়েছে—সেই প্রশ্নই এখন সাধারণ মানুষের মুখে ঘুরপাক খাচ্ছে।
স্থানীয় সচেতন শ্রমজীবী ও ভুক্তভোগী মহল মনে করেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের বিষয়টি শুধু পরিবেশগত ক্ষতিই নয়, বরং সাধারণ মানুষের সুরক্ষার জন্যও বড় হুমকি। তাই অবিলম্বে এই মাটি কাটা বন্ধ এবং স্থানীয় প্রশাসনের ভূমিকা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।