• আপডেট টাইম : 12/06/2026 03:56 PM
  • 119 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

 ‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও মানববন্ধন করেছে বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন (বিএনটিইউএফ)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনটিইউএফ-এর সভাপতি জেড এম কামরুল আনাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, "প্রতিটি শিশুর নিরাপদ শৈশব, মানসম্মত শিক্ষা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। শিশুশ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দরিদ্র পরিবারগুলোর সামাজিক সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে।"

কর্মসূচিতে শ্রমিক ও সামাজিক সংগঠন, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশুশ্রম একটি মারাত্মক সামাজিক ও অর্থনৈতিক ব্যাধি, যা শিশুর স্বাভাবিক বিকাশ, শিক্ষা এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। একটি বৈষম্যহীন, মানবিক ও টেকসই সমাজ গঠনে শিশুশ্রমের সম্পূর্ণ অবসান জরুরি। এজন্য সরকার, নিয়োগকর্তা, শ্রমিক সংগঠন, নাগরিক সমাজ ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা শিশুশ্রম নির্মূল আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

সমাপনী বক্তব্যে শ্রমিক নেতারা বলেন, "শিশুদের হাতে কলম ও বই মানায়, কাজের হাতিয়ার নয়।" শিশুদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...