কুষ্টিয়ার মিরপুরে সেনা সদস্য বহনকারী বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এতে সেনা সদস্যসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন। নিহত বাসযাত্রীর নাম জিয়া বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি ব্র্যাক ব্যাংকে চাকরি করেন, বাড়ি ময়মনসিংহ জেলায়।
৩১মে রোববার দুপুর ১২টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়িয়া হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহতরা জানান, একটি ভাড়া করা বাসে প্রশিক্ষণরত সেনাসদস্যরা বগুড়া থেকে খুলনা যাচ্ছিলেন। ঘটনাস্থলে খুলনা থেকে ছেড়ে আসা হিমেল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেনাসদস্যদের বহনকারী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে আহত একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের নাম জিয়া। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি ব্র্যাক ব্যাংকে চাকরি করেন।
আহত সেনা সদস্যরা জানান, তারা বর্তমানে সেনাবাহিনীতে ট্রেনিংরত অবস্থায় রয়েছেন। গত ঈদুল আযহার ছুটিতে তারা বাড়িতে গিয়েছিলেন। ছুটি শেষে তারা একটি ভাড়া করা বাসে করে খুলনার জাহানাবাদ সেনানিবাসে ফিরছিলেন। ওই বাসে তারা মোট ৪২ জন সেনা সদস্য ছিলেন। পথে দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী বাস। এতে তারা কমবেশি সবাই আহত হয়েছেন। সেনা সদস্যদের অন্তত ১০ জনকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
দূর্ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া পুলিশ সুপার মো. জসীম উদ্দিন কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালেছুটে যান এবং হতাহতদের খোঁজখবর নেন। এসময় তিনি জানান, দুর্ঘটনায় সেনাসদস্য সহ আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ১জন বাসযাত্রী নিহত হয়েছে। বাঁকীরা চিকিৎসাধীন রযেছে।