• আপডেট টাইম : 20/05/2026 09:48 PM
  • 73 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

 

কুষ্টিয়ার দৌলতপুরে চুয়ামল্লিকপাড়া রেজওয়ানুল উলুম দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে দাখিল (এসএসসি সমমান) পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে পরীক্ষার খাতা নিয়ে লিখে দেওয়ার অভিযোগে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে ঘটনার সাথে জড়িত ৩ শিক্ষককে আটক করেছে র‌্যাব।

২০ মে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চুয়ামল্লিকপাড়া রেজওয়ানুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রে অনিয়মের এ ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী মো. নাসিরুল্লাহ (১৬) মহিষকুন্ডি মুসলিমনগর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী এবং ওই মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আব্দুল ওহাব বিশ্বাসের ছেলে। আটক ৩ শিক্ষক মো. বজলুর রহমান (৪৮), মো. নুরুল ইসলাম (৪৫) এবং মোছা. মাতোয়ারা খাতুন মায়া (৪০) একই মাদ্রাসার শিক্ষক। তবে তারা পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে ছিলেন না বলে পরীক্ষা কেন্দ্র সূত্র জানিয়েছে।

র‌্যাব ও পরীক্ষা কেন্দ্র সূত্রে জানাগেছে, দাখিল জীববিজ্ঞান পরীক্ষা চলাকালে শিক্ষার্থী নাসিরুল্লাহর পরীক্ষার খাতা কেন্দ্রের বাইরে থেকে লিখে এনে জমা দেওয়ার কাজ করছিলেন অভিযুক্ত ৩ শিক্ষক। অর্থের বিনিময়ে অবৈধভাবে দীর্ঘদিন ধরে তারা এ ধরনের অনিয়ম ও দুর্নীতি করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবারও একই কায়দায় খাতা লিখে দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। তবে শিক্ষকদের আটকের পর কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় কিছু বহিরাগতরাও পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে হৈচৈ ও হট্টগোল বাঁধালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। তদন্ত শেষে অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার করেন এবং শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এদিকে আটক শিক্ষকরা দাবি করেছেন, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আব্দুল ওহাব বিশ্বাস তার ছেলের জন্য এমন অনৈতিক কাজে তাদের বাধ্য করেছেন। তারা স্বেচ্ছায় এ কাজ করেননি।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর প্রদীপ কুমার দাস বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই আমি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হই। তদন্ত করে জানতে পারি, পূর্বেও বাইরে থেকে খাতায় লিখে এনে জমা দেওয়ার মতো অনিয়মের ঘটনা ঘটেছে। আজও র‌্যাবের হাতে বাইরে থেকে ৩জন শিক্ষক আটক হওয়ার বিষয়টি সত্য বলে প্রমাণিত হয়েছে।
এসব তথ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও জানান, যেহেতু ৩জন শিক্ষক কেন্দ্রের বাহিরে র‌্যাবের হাতে আটক হয়েছেন, তাই তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। তবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে আটক ৩ শিক্ষক র‌্যাবের হেফাজতে রয়েছেন এবং বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...