• আপডেট টাইম : 20/05/2026 09:23 PM
  • 79 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , গাজীপুর
  • sramikawaz.com

 

গাজীপুর মহানগরের কোনাবাড়ী বিসিক এলাকায় বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করছে তৈরি পোশাক শ্রমিকরা।

২০ মে বুধবার দুপুর থেকে তমিজ উদ্দিন টেক্সটাইল মিলসের শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে।

পুলিশ ও শ্রমিকরা জানায়, কোনাবাড়ী বিসিক এলাকায় তমিজ উদ্দিন টেক্সটাইল মিলসের শ্রমিকরা চলতি মাসের অর্ধেক বেতন ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন করে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার বাইরে মূল ফটকে গিয়ে বিক্ষোভ শুরু করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কারখানার মূল ফটোকে শ্রমিকরা অবস্থান করছে।

কারখানার অপারেটর মো. মাসুদ রানা জানান, কিছুদিন যাবৎ কারখানা কর্তৃপক্ষকে বাৎসরিক ছুটির টাকা, ইনক্রিমেন্ট ও মে মাসের অর্ধেক বেতন ঈদের আগে পরিশোধের দাবি করলেও কারখানা কর্তৃপক্ষের কোন সাড়া নেই। একপর্যায়ে শ্রমিকরা বাধ্য হয়ে কারখানার সামনে শান্তিপূর্ণ ভাবে কর্মবিরতি ও বিক্ষোভ করছে।

কারখানার প্রডাকশন ম্যানেজার (পিএম) রাসেল মাহমুদ বলেন, শ্রমিকরা চলতি মাসের অর্ধেক বেতন ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। শ্রমিকদের সাথে এ বিষয়ে আলোচনা হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, কয়েকটি দাবি নিয়ে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শ্রমিক, পুলিশ এবং কারখানা কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...