• আপডেট টাইম : 18/05/2026 09:37 PM
  • 1517 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com

বিএলএফ কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইবিসি’র সভাপতি কুতুবউদ্দিন আহম্মেদ ও বিএলএফের মহাসচিব জেড এম কামরুল আনামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছবি: বাংলানিউজ
শ্রম অধিকার নিশ্চিতে একসঙ্গে কাজ করতে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) এবং ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) মধ্যে একটি যৌথ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শ্রম অধিকার, মানবাধিকার, শোভন কর্মপরিবেশ, ন্যায্য রূপান্তর এবং মানবাধিকার সংক্রান্ত প্রয়োজনীয় তদারকি নিশ্চিত করার লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।


১৬ মে গত শনিবার বিএলএফ কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইবিসি’র সভাপতি কুতুবউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক বাবুল আখতার এবং আইবিসির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে নাজমা আখতার, রাশেদুল আলম রাজু, সালাউদ্দিন স্বপন, কামরুল হাসান ও খাদিজা রহমান এবং বিএলএফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহাসচিব জেড এম কামরুল আনাম, প্রোগ্রাম পরিচালক মো. রাইসুল ইসলাম খানসহ প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) বাংলাদেশের শ্রমিকদের জন্য শোভন কাজ, সামাজিক ন্যায়বিচার ও টেকসই উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ একটি শ্রম অধিকারভিত্তিক সংগঠন।


অন্যদিকে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়নের অধিভুক্ত ট্রেড ইউনিয়নগুলোর জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে মেটাল, কেমিক্যাল, জ্বালানি, ঔষধ, টেক্সটাইল, গার্মেন্টস, চামড়া ও জুতা শিল্পের শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করে যাচ্ছে।
চুক্তির আওতায় উভয় পক্ষ তৈরি পোশাক, চামড়া ও জুতা শিল্পে জেন্ডার-সংবেদনশীল মানবাধিকার যাচাই প্রক্রিয়া শক্তিশালী করা, শ্রমিক প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধি, কার্যকর অ্যাডভোকেসি পরিচালনা এবং শ্রমমান উন্নয়নে যৌথভাবে কাজ করবে।

এছাড়াও বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে।
বিএলএফের চলমান ও আসন্ন প্রকল্প ‘ডিসেন্ট ওয়ার্ক ডিউ ডিলিজেন্স বাংলাদেশ’ এবং ট্রান্সফরমেশন টু অ্যান ইনক্লুসিভ অ্যান্ড অ্যাকাউন্টেবল গার্মেন্টস সেক্টর’-এর আওতায় বিভিন্ন যৌথ কার্যক্রম বাস্তবায়নে আইবিসি সক্রিয় সহযোগিতা প্রদান করবে।
চুক্তি অনুযায়ী উভয় পক্ষ মানবাধিকার যাচাই নিশ্চিত করতে নীতিনির্ধারণ ও অ্যাডভোকেসি কার্যক্রমে সহযোগিতা করা, কারখানা পর্যায়ে শ্রমিক, ব্যবস্থাপক ও ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করা, কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি যৌথ বাস্তবায়ন কমিটি গঠন করাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়।

এই সমঝোতা স্মারক এক বছরের জন্য কার্যকর থাকবে এবং ২০২৭ সালে তা পুনর্বিবেচনা বা নবায়ন করা যেতে পারে বলেও উল্লেখ করা হয় চুক্তিতে। সমঝোতা স্মারকটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় স্বাক্ষরিত হয়েছে এবং কোনো ধরনের বিভ্রান্তি দেখা দিলে বাংলা সংস্করণকে প্রাধান্য দেওয়া হবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।
এসএসএইচ/

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...