জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ইসলামিক ধারার ব্যাংকে অন্যায়ভাবে চাকরিচ্যুত প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীর পুনর্বহালের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (১২ মার্চ) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তারা ইসলামিক ধারার ব্যাংকগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করায় সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের পাঁচটি ইসলামী ধারার ব্যাংক-ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-তে কর্মরত প্রায় ১০,০০০ কর্মকর্তা-কর্মচারীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে।
অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী দীর্ঘ ৭/৮ বছর ধরে নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালন করা সত্ত্বেও একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শভিত্তিক গোষ্ঠীর প্রভাবে তাদের বিরুদ্ধে বদলি, প্রশাসনিক হয়রানি, আইডি নিষ্ক্রিয়করণ, মানসিক ও শারীরিক নির্যাতনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় এবং পরবর্তীতে গণহারে চাকরিচ্যুত করা হয়।
তারা আও বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে মব সৃষ্টির মাধ্যমে একটি রাজনৈতিক দলের কর্মীরা অস্বাভাবিক প্রক্রিয়ায় পদোন্নতি গ্রহণ করে এবং অবসরে যাওয়া কিছু ব্যাংকারকে শীর্ষ ব্যবস্থাপনায় ফিরিয়ে এনে ব্যাংকের ব্যবস্থাপনা দখল করা হয়। একই সঙ্গে বৈধ বোর্ড ভেঙে রাজনৈতিক প্রভাবিত বোর্ড গঠন করা হয়েছে।
ব্যাংকের মানবসম্পদ নীতিমালা উপেক্ষা করে শান্তিমূলক বদলি, যোগ্যতা যাচাই ছাড়া পদোন্নতি, "দক্ষতা মূল্যায়ন" পরীক্ষার নামে ছাঁটাই প্রক্রিয়া এবং দলীয় লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
পাশাপাশি তথাকথিত 'বায়তুল মাল' এর নামে জোরপূর্বক অর্থ আদায় করা হয়েছে।
এ পরিস্থিতিতে মানববন্ধনে অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি প্রদান করে কয়েকটি দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে-অন্যায়ভাবে চাকরিচ্যুত সকল কর্মকর্তা-কর্মচারীর পুনর্বহাল, বিতর্কিত পদোন্নতি ও নিয়োগ বাতিল, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, ব্যাংকিং খাতে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং দক্ষ ও পেশাদার বোর্ড ও ম্যানেজমেন্ট পুনর্গঠন।