ঈদুল ফিতরের আগে সারা দেশের দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের কর্মচারীদের বেতন, ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা পরিশোধের দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন বলেন, দেশে প্রায় ৬০ লাখ দোকান কর্মচারী কাজ করলেও তাদের শ্রমিকের স্বীকৃতি দেওয়া হয় না। অধিকাংশ ক্ষেত্রে নিয়োগপত্র, পরিচয়পত্র ও সাপ্তাহিক ছুটির ব্যবস্থা নেই।
ঈদের সময়ও অনেক প্রতিষ্ঠানে কর্মচারীদের বোনাস দেওয়া হয় না; বরং ছাঁটাইয়ের ঘটনা ঘটে।
তিনি বলেন, দোকান কর্মচারীদের প্রতিদিন ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত একটানা কাজ করতে হয়। রোজার মাসে কাজের চাপ আরও বেড়ে যায়। কিন্তু অতিরিক্ত সময় কাজ করলেও তারা ন্যায্য ওভারটাইম ভাতা পান না।
এটি শ্রম আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
সংগঠনের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- আইনগত অধিকার অনুযায়ী সকল দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপে কর্মচারীদের ঈদ বোনাস পরিশোধ নিশ্চিত করা; অতিরিক্ত সময় কাজের জন্য ন্যায্য ওভারটাইম ভাতা প্রদান; সকল কর্মচারীর জন্য বাধ্যতামূলক নিয়োগপত্র প্রদান; নিয়োগকর্তার স্বাক্ষরযুক্ত পরিচয়পত্র সরবরাহ; সপ্তাহে দেড় দিনের সাপ্তাহিক ছুটি বাস্তবায়ন; প্রায় ৬০ লাখ দোকান কর্মচারীর বেতন-ভাতা নির্ধারণ ও দরকষাকষির জন্য জরুরি ভিত্তিতে মজুরি বোর্ড গঠন এবং আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বেতন পরিশোধ নিশ্চিত করা।
সংবাদ সম্মেলন থেকে দাবি আদায়ে নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে- বাংলাদেশ দোকান মালিক সমিতির কাছে স্মারকলিপি পেশ, শ্রম মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শকের কাছে স্মারকলিপি প্রদান এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের কাছে স্মারকলিপি দেওয়া।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম। এতে বক্তব্য রাখেন কামরুল হাসান, হাজরত আলী মোল্লা, আব্দুস সালাম, পরেশ মজুমদার ও আলেয়া বেগমসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিকনেতারা। সংহতি জানিয়ে বক্তব্য দেন ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক বাবুল আক্তার এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) নেতা আ স ম জাকারিয়া প্রমুখ।