উত্তর আমেরিকার বৃহত্তম কমিউটার রেল ব্যবস্থা লং আইল্যান্ড রেল রোড শনিবার (১৬ মে) বন্ধ হয়ে গেছে। ইউনিয়নভুক্ত শ্রমিকরা ধর্মঘটে যাওয়ার ফলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। গত তিন দশকের মধ্যে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল।
নিউ ইয়র্ক সিটি এবং এর পূর্বাঞ্চলীয় শহরতলীগুলোতে সেবা দেওয়া এই রেলওয়েটি শনিবার মধ্যরাতের পরপরই তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেয়। রেলওয়েটির প্রায় অর্ধেক কর্মীর প্রতিনিধিত্বকারী পাঁচটি ইউনিয়ন একযোগে কর্মবিরতি শুরু করলে এই অচলাবস্থার সৃষ্টি হয়।
একটি নতুন চুক্তির লক্ষ্যে ইউনিয়নগুলো এবং রেল পরিচালনাকারী পাবলিক সংস্থা ‘মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি’ (এমটিএ) গত কয়েক মাস ধরে আলোচনা চালিয়ে আসছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করলেও, আইনি অধিকার বজায় রেখেই শনিবার রাত ১২টা ০১ মিনিট থেকে ধর্মঘটে যায় ইউনিয়নগুলো।
ধর্মঘট যদি কর্মদিবসগুলোতেও গড়ায়, তবে প্রতিদিন যাতায়াত করা প্রায় আড়াই লাখ মানুষকে চরম বিপাকে পড়তে হবে। লং আইল্যান্ডের শহরতলী থেকে নিউ ইয়র্ক সিটিতে আসার জন্য এই কর্মজীবী মানুষদের বাধ্য হয়ে বিকল্প পথ খুঁজতে হবে।
অনেকের জন্যই এর অর্থ হবে এই অঞ্চলের কুখ্যাত ট্রাফিক জ্যাম বা যানজট ঠেলে গাড়ি নিয়ে বের হওয়া।
গত বৃহস্পতিবার পেন স্টেশনে বাড়ির ট্রেনের জন্য অপেক্ষারত রিচ পিকোলা নামে এক হিসাবরক্ষক বলেন, ‘মানুষ তো কাজে যাবেই। কিন্তু এখন যদি সবাই গাড়ি নিয়ে রাস্তায় নামে, তবে যানজট পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।’
‘ব্রাদারহুড অব লোকোমোটিভ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ট্রেনম্যান’-এর ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট কেভিন সেক্সটন জানিয়েছেন, নতুন করে আলোচনার কোনো সময় এখনও নির্ধারণ করা হয়নি। শনিবার ভোরে সেক্সটন বলেন, ‘এই মুহূর্তে আমাদের মধ্যকার দূরত্ব অনেক বেশি। আমরা সত্যিই দুঃখিত যে আমাদের এমন একটি পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।’
এমটিএ চেয়ারম্যান জ্যানো লিবার বলেন, ‘সংস্থাটি বেতন-ভাতার দিক থেকে ইউনিয়নগুলোর চাহিদা অনুযায়ী সবকিছুই মেনে নিয়েছিল।’ তবে তার মতে, ইউনিয়নগুলো যে শুরু থেকেই ধর্মঘটের দিকেই যেতে চেয়েছিল, তা এখন স্পষ্ট।
১৯৯৪ সালের দুই দিনের ধর্মঘটের পর লং আইল্যান্ড রেল রোডে (এলআইআরআর) এটিই প্রথম কর্মবিরতি। এর ফলে এই সপ্তাহান্তে ক্রিড়ামোদীদের চরম ভোগান্তিতে পড়তে হবে। বিশেষ করে যারা এই উইকেন্ডে ইয়াঙ্কিস বনাম মেটসের ম্যাচ দেখতে কিংবা ম্যাডিসন স্কয়ার গার্ডেনে নিক্সের প্লে-অফ ম্যাচ দেখার পরিকল্পনা করছিলেন, তারা বেশ বিপাকে পড়বেন। উল্লেখ্য, ম্যানহাটনে এই রেলওয়ের মূল কেন্দ্র পেন স্টেশনের ঠিক ওপরেই ম্যাডিসন স্কয়ার গার্ডেন অবস্থিত।
ডেমোক্র্যাট দলীয় গভর্নর ক্যাথি হোচুল এই পরিস্থিতির জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করেছেন। তার অভিযোগ— ট্রাম্প প্রশাসন সমঝোতার আলোচনা মাঝপথেই থামিয়ে দিয়ে পরিস্থিতিকে ধর্মঘটের দিকে ঠেলে দিয়েছে। অন্যদিকে, রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প শনিবার তার নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ পাল্টা জবাবে জানান যে, এই ধর্মঘটের সাথে তার কোনো সম্পর্ক নেই এবং আজ সকালের আগে তিনি এই বিষয়ে কিছুই শোনেননি।