কুষ্টিয়া শহরের ৭ নম্বর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে পরীক্ষার ফি আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তথ্য জানতে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং হুমকি দেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
অভিভাবকদের অভিযোগ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের পরীক্ষার ফি নেওয়ার বিধান না থাকলেও বিদ্যালয়টিতে শিক্ষার্থীপ্রতি ৩০ থেকে ৫০ টাকা করে আদায় করা হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে অভিভাবকদের ধমক দেওয়া হচ্ছে এবং দ্রুত টাকা জমা দিতে চাপ সৃষ্টি করা হচ্ছে।
ক্ষুব্ধ কয়েকজন অভিভাবক জানান, সরকারি স্কুলে পড়াশোনা বিনামূল্যে হওয়ার কথা। সেখানে পরীক্ষার নামে টাকা নেওয়া কেন হচ্ছে—এ প্রশ্নেরও কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। বরং শিক্ষকদের বিষয়ে কোনো প্রশ্ন না করে নির্ধারিত টাকা পরিশোধ করতে বলা হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে কুষ্টিয়া ৭ নম্বর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুরাইয়া পারভীনের সঙ্গে কথা বলতে চাইলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান বলে অভিযোগ ওঠে। এ সময় তিনি নিজেকে জেলার সরকারদলীয় নেতা প্রকৌশলী জাকির হোসেন ও জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেনের বোন পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন বলে জানা গেছে।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, “আমি সুরাইয়া পারভীন নামের কাউকে চিনি না।”
এদিকে, কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্টভাবে জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের পরীক্ষার ফি নেওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, “সরকারিভাবে পরীক্ষার ফি নেওয়ার কোনো নির্দেশনা নেই। বিদ্যালয়ের স্লিপ (SLIP) ফান্ড বা অভ্যন্তরীণ ব্যবস্থাপনা থেকেই পরীক্ষাসংক্রান্ত খরচ বহনের নিয়ম রয়েছে।”
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরও বলেন, কুষ্টিয়া ৭ নম্বর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, ভবিষ্যতে পরীক্ষাসংক্রান্ত ব্যয় নির্বাহের জন্য সরকার আলাদা কোড বা বিশেষ তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা করছে। তবে বর্তমান নিয়ম অনুযায়ী কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা যাবে না। কেউ এ ধরনের অনিয়ম করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।