• আপডেট টাইম : 02/05/2026 10:35 AM
  • 3098 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

 

আওয়াজ ডেস্ক

শ্রমিকদের অমানবিক কাজের চাপ কমিয়ে দিনে ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিত করার দাবিতে যে রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হয়েছিল, তার ১৪০ বছর পার হয়েছে। আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে মে দিবস।

এই দিনটির মূল সুর হলো– শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, শোষণ ও বৈষম্যমুক্ত সমাজ গঠন এবং শ্রমিকদের আত্মত্যাগকে স্মরণ করা। মে দিবস সারা বিশ্বের শ্রমজীবী মানুষের মধ্যে সাম্য, সংহতি ও লড়াইয়ের চেতনা জাগিয়ে তোলে।

কিন্তু এই ১৪০ বছর পর এসে যদি দেশের চামড়া বা ট্যানারি শিল্পের দিকে তাকানো হয়, তবে এক চরম হতাশার চিত্র ফুটে ওঠে। দেশের অর্থনীতিতে অবদান রাখা ট্যানারি শিল্পের অধিকাংশ শ্রমিকের জীবনের কোনো নিরাপত্তা নেই, নেই ন্যূনতম মর্যাদা।

দেশের প্রচলিত শ্রম আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখানকার অধিকাংশ কারখানায় শ্রমিকদের দিনমজুর হিসেবে খাটানো হয়। নেই কোনো পেশাগত নিরাপত্তা, নেই স্বাস্থ্য সুরক্ষা, এমনকি নেই কোনো প্রশিক্ষণের ব্যবস্থাও।


মালিকদের নীতি হলো– ‘কাজ আছে মজুরি আছে, কাজ নেই মজুরি নেই’। কোনো শ্রমিক কর্মরত অবস্থায় মারা গেলে বা পঙ্গু হলে তার জীবনের মূল্য নির্ধারণ করা হয় মালিকের দয়ার ওপর। অনেক ক্ষেত্রে ৫-১০ হাজার টাকা দিয়ে দায় সারেন মালিকপক্ষ। সাভারের ট্যানারি শিল্প নগরী থেকে শুরু করে পুরো নির্মাণ খাত– সব জায়গায় এই এক অরাজক পরিস্থিতি বিরাজমান।


এই চরম শোষণ ও অবহেলার নির্মম শিকার সাভারের হেলাল ট্যানারিতে কাজ করা শ্রমিক হারুন। তার মৃত্যু কেবল একটি দুর্ঘটনা নয়, বরং এটি দেশের শিল্প খাতের পদ্ধতিগত হত্যাকাণ্ডের এক জ্বলন্ত উদাহরণ।

১২ বছরের বালক থেকে ট্যানারির পোড়খাওয়া শ্রমিক
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকালি গ্রামের মো. হুমায়ুন এবং মাজেদা খাতুনের বড় ছেলে হারুন। পরিবারের অভাব আর দারিদ্র্যের কশাঘাত সইতে না পেরে মাত্র ১২ বছর বয়সে ঢাকায় পাড়ি জমিয়েছিলেন তিনি। ছোট্ট কাঁধে তুলে নিয়েছিলেন পরিবারের ভার। ঢাকার হাজারীবাগের ফকির ট্যানারিতে শুরু হয় তার জীবনযুদ্ধ। সেই থেকে চামড়ার গন্ধ, কেমিক্যাল আর এসিডের বিষাক্ত পরিবেশের সঙ্গেই তার বসবাস। টানা ২৬ বছর তিনি ট্যানারি শিল্পেরিই বিভিন্ন কারখানাতে নিজের জীবন ও যৌবন ক্ষয় করেছেন। স্ত্রী হাসিনা আক্তার, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ছিল তার সংসার। স্বপ্ন ছিল সন্তানদের একটু ভালো রাখার, কিন্তু সেই স্বপ্ন এসিডে ঝলসে গেছে।

১১ এপ্রিলের সেই ভয়াবহ দুপুর
সাভার ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের হেলাল ট্যানারিতে কাজ করতেন হারুন। তবে দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতা থাকার পরও তিনি ওই কারখানার কোনো ‘নিয়মিত’ বা ‘নিয়োগপ্রাপ্ত’ শ্রমিক ছিলেন না। তিনি ছিলেন ঠিকাদারের অধীনে কাজ করা একজন নামমাত্র ‘ঠিকা শ্রমিক’।

প্রতিদিনের মতো গত ১১ এপ্রিল সকালে কারখানায় এসেছিলেন হারুন। যথারীতি কাজ করছিলেন। দুপুরের দিকে কারখানার অন্য শ্রমিকরা যখন দুপুরের খাবার খেতে যান, হারুন তখন দ্রুত কাজ শেষ করার তাগিদে একাই ড্রাম মেশিনে কাজ করছিলেন। চামড়া প্রক্রিয়াজাত করার জন্য উঁচু মাচায় উঠে মেশিনে এসিড ( চামড়া প্রক্রিয়াকরণে উচ্চ দাহ্যক্ষমতার কেমিক্যাল) দিচ্ছিলেন তিনি। হঠাৎ সেই নড়বড়ে উঁচু মাচাটি ভেঙে পড়ে। দুই হাতে থাকা বালতি ভর্তি চামড়া প্রসেস করার তীব্র এসিড সরাসরি তার শরীরের ওপর পড়ে। মুহূর্তে ঝলসে যায় পুরো শরীর।

কারখানায় তখন কেউ ছিল না। যন্ত্রণায় ছটফট করতে করতে হারুন কোনোমতে উঠে কারখানার ভেতরে থাকা একটি ঝরনার নিচে গিয়ে নিজের গায়ে পানি ঢালতে শুরু করেন। এত বড় একটি শিল্প এলাকায়, যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করেন, সেখানে কোনো হাসপাতাল বা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র নেই। ফলে তাৎক্ষণিক কোনো চিকিৎসা না পেয়ে দগ্ধ শরীর নিয়েই একসময় তিনি একাই বাসায় ফিরে যান।


মৃত্যুর সঙ্গে ১০ দিনের পাঞ্জা
বাসায় গিয়ে কোনোমতে প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন হারুন। সারাদিন বাসায় থাকার পর সন্ধ্যার দিকে তার শরীরের অবস্থা আরও খারাপ হতে থাকে। খবর পেয়ে হারুনের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করা সুমন নামের এক সহকর্মী সন্ধ্যা ৭টায় প্রথমে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরিস্থিতি আশঙ্কাজনক দেখে সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হারুনের ছোট ভাই ইমরান হোসেন খবর পান সন্ধ্যা ৭টায়। তিনি বলেন, সুমন ভাই আমার ভাবিকে দুপুরে কল করে জানান যে হারুন ভাই এসিডে পুড়ে গেছেন। উনার অবস্থা আশঙ্কাজনক। আমরা রাতেই ঢাকার উদ্দেশে রওনা দিই এবং রাত ৩টায় ঢাকা মেডিকেলে পৌঁছাই।

টানা ১০ দিন ঢাকা মেডিকেলের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন হারুন। নিজের কাছে থাকা সামান্য সঞ্চয়, স্ত্রী ও ছোট ভাইয়ের ধারদেনা করা টাকা দিয়ে চলছিল চিকিৎসা। এর মধ্যে হারুন যেখানে কাজ করতেন, সেই হেলাল ট্যানারির ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম একদিন হাসপাতালে এসে মাত্র ৫ হাজার টাকা আর একটি ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে যান। সবশেষ ২৩ এপ্রিল রাত সাড়ে ৯টায় সব লড়াই থামিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন হারুন।

অধিকারহীন মৃত্যু ও ৩ লাখ টাকার সান্ত্বনা
যেহেতু হারুন ঠিকাদারের মাধ্যমে কাজ করতেন এবং তার কোনো নিয়োগপত্র ছিল না, তাই তার পরিবার মালিকের কাছে ক্ষতিপূরণ দাবির কোনো আইনি জোর পায়নি। হতাশ পরিবার কোনো দাবিদাওয়া ছাড়াই হারুনের লাশ নোয়াখালীতে নিয়ে দাফন সম্পন্ন করে।

এই খবর পৌঁছায় ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেকের কাছে। তিনি ব্যক্তিগত উদ্যোগে হারুনের পরিবারের খোঁজ নেন ও ২৫ এপ্রিল ছোট ভাই ইমরানকে ফোন করে ঢাকায় ডাকেন। ২৬ এপ্রিল ইউনিয়নের অফিসে শ্রমিক ইউনিয়ন, শ্রম অধিদপ্তরের প্রতিনিধি ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে হারুনের স্ত্রী হাসিনা আক্তারের হাতে ৩ লাখ টাকা তুলে দেওয়া হয়।

এই ৩ লাখ টাকা নিয়ে আক্ষেপ প্রকাশ পায় হারুনের ছোট ভাই ইমরানের কণ্ঠে। তিনি বলেন, আমার ভাই ২৬ বছর এই ট্যানারি সেক্টরে কাজ করল। কারখানার ভেতরে মৃত্যুবরণ করল। কিন্তু মৃত্যু শেষে পেল মাত্র ৩ লাখ টাকা। এই সামান্য টাকা দিয়ে আমার ভাবি দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে কীভাবে সংসার চালাবেন? কোম্পানি যদি সত্যিকারের দায়িত্ব নিত, তাহলে হয়ত পরিবারের কষ্ট কিছুটা দূর হতো।

আক্ষেপের সুরে কথা বললেন ইউনিয়নের নেতা আব্দুল মালেকও। তিনি বলেন, হারুন যদি নির্দিষ্ট কোনো কারখানায় নিয়োগপ্রাপ্ত শ্রমিক হিসেবে কাজ করত, তবে আমরা ইউনিয়নের পক্ষ থেকে আরও বেশি ক্ষতিপূরণ আদায় করতে পারতাম। ঠিকাদারের অধীনে কাজ করার কারণেই সে আইনি অনেক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

মালিকপক্ষের বক্তব্য ও ভয়ংকর এক শূন্যতা
এই মর্মান্তিক ঘটনা নিয়ে কথা হয় হেলাল ট্যানারির ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলমের সঙ্গে। তিনি ঘটনাটি স্বীকার করে বলেন, শ্রমিক ইউনিয়ন ও শ্রম অধিদপ্তরের মধ্যস্থতায় ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এছাড়া চিকিৎসার খরচ এবং লাশ পাঠানোর জন্য আরও প্রায় ১ লাখ টাকার মতো খরচ আমরা দিয়েছি। আমি হারুনের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও বলেছি।

হারুন কেন নিয়মিত শ্রমিক ছিলেন না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হারুন মূলত অন্য একটি ট্যানারিতে কাজ করত। সেখানে কাজ না থাকায় অভাবের তাড়নায় আমার এখানে কয়েকদিনের জন্য দৈনিক ভিত্তিতে কাজ করতে এসেছিল। সে অনেক অভিজ্ঞ শ্রমিক ছিল। বিদ্যুতের সমস্যা থাকায় সে চাইছিল দ্রুত কাজ শেষ করতে। তাড়াহুড়ো আর অসতর্কতার কারণেই সে স্লিপ কেটে ড্রামের ভেতর পড়ে যায়।

তবে জাহাঙ্গীর আলমের কথায় সবচেয়ে ভয়াবহ যে সত্যটি উঠে এসেছে, তা হলো সাভার ট্যানারি পল্লীর চিকিৎসাব্যবস্থা। তিনি বলেন, এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখ। এখানে এত বড় একটা ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট হলো, কিন্তু প্রাথমিক চিকিৎসার জন্য কোনো হাসপাতাল নেই। একটা ৫ বা ১০ বেডের হাসপাতাল থাকলেও শ্রমিকরা তাৎক্ষণিক চিকিৎসা পেত। সাভার থেকে ঢাকায় নিতে নিতেই তো অনেক সময় চলে যায়, রোগীর অবস্থা আরও খারাপ হয়ে পড়ে।

আউটসোর্সিং: শ্রমিক শোষণের নতুন হাতিয়ার
ট্যানারি শিল্পে ঠিকাদারের মাধ্যমে শ্রমিক নিয়োগ বা আউটসোর্সিংকে শ্রমিকদের বঞ্চনার মূল কারণ হিসেবে আখ্যায়িত করেছেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক। তিনি বলেন, শিল্প কারখানার মূল উৎপাদন প্রক্রিয়ায় আউটসোর্সিংয়ের মাধ্যমে শ্রমিক নিয়োগের কোনো আইনি বৈধতা নেই। প্রচলিত আইন অনুযায়ী আউটসোর্সিং মূলত নিরাপত্তাকর্মী (সিকিউরিটি গার্ড) বা পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এর জন্য কলকারখানা পরিদর্শন অধিদপ্তর থেকে লাইসেন্স ও জামানত লাগে। কিন্তু ট্যানারি মালিকরা অত্যন্ত বেআইনিভাবে মূল উৎপাদনেই আউটসোর্সিংয়ের মাধ্যমে ঠিকা শ্রমিক নিয়োগ দিচ্ছেন।

তিনি আরও জানান, এর মূল কারণ হলো শ্রমিকদের আইনি অধিকার থেকে বঞ্চিত রাখা। নিয়োগপত্র না থাকলে শ্রমিকরা শ্রম আইনের আওতাভুক্ত সুবিধা, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ বা পেশাগত নিরাপত্তার দাবি তুলতে পারেন না। মালিকরা নিজেদের এই বেআইনি কর্মকাণ্ডের সুযোগ নিয়েই নামমাত্র টাকা দিয়ে লাশের দাম চুকিয়ে দেন।

মালেকের মতে, সরকারি আইন অনুযায়ী এ ধরনের মৃত্যুতে ক্ষতিপূরণ মাত্র ২ লাখ টাকা হলেও তারা চাপ প্রয়োগ করে ৩ লাখ এবং অন্যান্য খরচ আদায় করেছেন। এর আগেও তারা ১ লাখ টাকা সরকারি ক্ষতিপূরণের জায়গায় চাপ প্রয়োগ করে ৫ লাখ টাকা পর্যন্ত আদায় করেছেন।

থেকে যায় কিছু প্রশ্ন
হারুনের মৃত্যু অনেকগুলো জ্বলন্ত প্রশ্ন রেখে গেছে। দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাত চামড়া শিল্প। কিন্তু যে শ্রমিকদের রক্ত আর ঘামে এই শিল্পের চাকা ঘোরে, তাদের জীবনের নিরাপত্তা এত ঠুনকো কেন? ২৬ বছর যে মানুষটি একটি শিল্পের পেছনে নিজের জীবন দিলেন, মৃত্যুর পর তার পরিবারের বেঁচে থাকার জন্য মাত্র ৩ লাখ টাকাই কী যথেষ্ট?

সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো সাভারের চামড়া শিল্প নগরীর মতো একটি বিশাল প্রকল্পে প্রাথমিক চিকিৎসার জন্য একটি হাসপাতাল না থাকা। হাজার হাজার কোটি টাকার এই প্রকল্পে এসিড, ক্ষতিকর কেমিক্যাল আর ভারী যন্ত্রপাতির মধ্যে কাজ করা শ্রমিকদের জন্য চিকিৎসার কোনো ব্যবস্থা না রাখাটা কেবল অবহেলা নয়, এটি এক ধরনের কাঠামোগত অপরাধ।

মে দিবস আসে, মে দিবস যায়। আট ঘণ্টা কর্মদিবস আর অধিকারের স্লোগানে মুখর হয় রাজপথ। কিন্তু সাভারের ট্যানারি পল্লীতে হারুনের মতো শ্রমিকদের জীবনে মে দিবসের আলো পৌঁছায় না। সেখানে আজও বিরাজ করে মধ্যযুগীয় দাসপ্রথা— যেখানে জীবনের চেয়ে চামড়ার দাম বেশি, যেখানে শ্রমিকের গলিত লাশের ওপর দাঁড়িয়ে তৈরি হয় চাকচিক্যময় বিলাসবহুল চামড়াজাত পণ্য। এই অমানবিক ব্যবস্থার পরিবর্তন না হলে মে দিবসের আদর্শ কেবল এক কাগুজে বুলি হয়েই থেকে যাবে। হারুনের স্ত্রী আর তিন সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ রাষ্ট্রের, সমাজের ও পুরো শিল্প কাঠামোর ব্যর্থতার দিকেই আঙুল তুলবে। সূত্র: বাংলানিউজ

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...