• আপডেট টাইম : 25/04/2026 08:30 AM
  • 3 বার পঠিত
  • শরীফুল ইসলাম, দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের ইতিহাসে মানুষের ভোটের কালির দাগ মুছে যাওয়ার আগে প্রধানমন্ত্রী তাঁর কথা রেখেছেন। তিনি বলেছিলেন ক্ষমতায় গেলে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করবেন। আমরা প্রায় ১১ লাখ কৃষকের (১০,০০০ পর্যন্ত যাদের ঋণ ছিল) ১,৫০০ কোটি টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছি প্রথম ক্যাবিনেট মিটিংয়ে। আমরা ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট চালু করে প্রথম দিনেই ৩৮,০০০ ফ্যামিলি কার্ড ইস্যু করেছি।

২৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের উদ্যোগে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ‘কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই’ শীর্ষক অনুষ্ঠিত বিশেষ ‘উন্নয়ন সংলাপ’এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, সবাই স্বপ্নের পাহাড় নিয়ে এসেছেন। সেই স্বপ্ন, চিন্তা ও শ্রম প্রথমে শৈলক‚পা ও পরে এ অঞ্চলের জন্য। কারণ সবার আগে ঝিনাইদহ-কুষ্টিয়ার জন্য করতে পারলে বাংলাদেশকেও কিছু দেওয়া যাবে।
এক্ষেত্রে এ অঞ্চলের সুবিধার্থে রেললাইন বাস্তবায়ন কাজ শুরু হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে দ্বিত্তীয় পদ্মা সেতু তৈরিতে কর্মসংস্থান, অর্থনীতি, শিল্পায়নে প্রভাব পড়বে কিনা তা ভাবছি। এছাড়া এ অঞ্চলের কৃষি বিপ্লব ঘটাতে বিদ্যুতের চাহিদা, দাম, তেল আমদানির বিকল্পে প্রত্যেক জেলায় পতিত জমির সদ্বব্যবহার করে সৌরবিদ্যুভিত্তিক প্রজেক্ট চালু করবো। আগামী ছয় মাসের মধ্যে তা ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে দৃশ্যমান দেখতে পাবো।

তিনি বলেন, আমরা দোষারোপের রাজনীতি থেকে বের হতে চাই। রাজনৈতিক বিরোধ এটা আদর্শিকভাবে থাকবেই। এজন্য হানাহানি, রক্তপাত এটা থাকবেই। কিন্তু আমাদের চিন্তার ঐক্য, আমাদের ভাবনা, সবার ভাবনা কিন্তু এই অঞ্চলের মানুষের উন্নয়ন নিয়ে। এখানেই আমাদের চিন্তার ঐক্য আছে। এই উন্নয়নের ঐক্যকে ধারণ করেই আমরা একে অন্যের সাথে হাত মিলিয়ে এগিয়ে যাব। আমরা সঠিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছি সে উদ্যোগের পথ ধরে হেঁটে যেতে চাই। সর্বোপরি আমরা এ অঞ্চলের ন্যায্য হিস্যা চাই। অবহেলিত জনপদের ভালো ও সুখের জন্য যা করণীয় তা আমরা করে যাবো।

বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের সভাপতি এবং সিনিয়র সচিব (পিআরএল) ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এসব কথা বলেন।

সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ইবি’র ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এসময় কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাব, জিয়া পরিষদ, সাদা দল ও শাখা ছাত্রদল, শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও জুলাইয়ের শহীদ ইয়ামিনের পিতা মোহাম্মদ মহিউদ্দিনসহ সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...